×
Logo

খেলাধুলা

মেসি-রোনালদো দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

মেসি-রোনালদো দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে?

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে তাদের মুখোমুখি লড়াই দেখার স্বপ্নও দেখছেন কোটি কোটি ফুটবলভক্ত।

এর মধ্যে মঙ্গলবার (২৩ জুন) রাতে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে পর্তুগিজদের জয়ে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করেছেন। রোনালদোর ফর্মে ফেরার পর নতুন করে আলোচনায় এসেছে বহুল প্রতীক্ষিত মেসি-রোনালদো দ্বৈরথ। প্রশ্ন উঠছে, নকআউট পর্বে কি একে অপরের মুখোমুখি হতে পারেন দুই কিংবদন্তি?

ইতোমধ্যেই গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, গ্রুপ ‘কে’-তে বর্তমানে পর্তুগালের অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে। গ্রুপসেরা হতে হলে শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতেই হবে রোনালদোদের।

ফিফার নকআউট সূচি অনুযায়ী, পর্তুগাল যদি গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান দখল করতে পারে, তাহলে তারা খেলবে ম্যাচ নম্বর ৮৭-তে। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এর ম্যাচ নম্বর ৮৬-তে খেলবে। এরপর দুই দলই নিজেদের পরবর্তী ম্যাচগুলো জিততে পারলে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নম্বর ১০০-তে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কানসাস সিটিতে।

তবে পর্তুগাল যদি কলম্বিয়ার বিপক্ষে জয় না পায় এবং গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে, তাহলে তাদের নকআউট পথ বদলে যাবে। সে ক্ষেত্রে আর্জেন্টিনার সঙ্গে সম্ভাব্য লড়াই পিছিয়ে যেতে পারে সেমিফাইনাল বা এমনকি ফাইনাল পর্যন্ত।

/এমএসটি/এমএন

Logo