×
Logo

খেলাধুলা

পেনাল্টি শুটআউটের নিয়মে বড় পরিবর্তনের পথে ফিফা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

পেনাল্টি শুটআউটের নিয়মে বড় পরিবর্তনের পথে ফিফা

ফাইল ছবি

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের মহাউত্তেজনা শুরুর আগেই পেনাল্টি শুটআউট বা টাইব্রেকারের নিয়মে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। মূলত টাইব্রেকারের সময় টসের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট দলের বাড়তি বা দ্বিগুণ সুবিধা পাওয়ার সুযোগ বন্ধ করতেই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে প্রচলিত ফুটবল নিয়ম অনুযায়ী, টাইব্রেকার শুরুর আগে রেফারি মাঠে দুই দলের অধিনায়কদের নিয়ে পর পর দুটি কয়েন টস করেন। এর মধ্যে প্রথম টসের মাধ্যমে নির্ধারিত হয় মাঠের কোন প্রান্তের গোলপোস্টে শট নেওয়া হবে। আর দ্বিতীয় টসের মাধ্যমে ঠিক হয় কোন দল প্রথম পেনাল্টি শটটি নেবে। বর্তমানের এই নিয়মে অনেক সময় দেখা যায়, একটি দলই পর পর দুই টসে জিতে প্রথম শট নেওয়া এবং নিজেদের পছন্দের গোলপোস্ট বেছে নেওয়ার—উভয় সুবিধাই পেয়ে যায়।

এই অসম মনস্তাত্ত্বিক সুবিধা বা ‘আনফেয়ার অ্যাডভান্টেজ’ কমিয়ে আনতেই ফিফা এখন ‘এক টস’ নীতি চালুর প্রস্তাব করেছে।

নতুন প্রস্তাবিত নিয়মটি যেমন হবে টাইব্রেকার শুরুর আগে রেফারি মাত্র একটি কয়েন টস করবেন।

টসে জয়ী অধিনায়ক প্রথম শট নেওয়া কিংবা পছন্দের প্রান্ত নির্বাচন এই দুটির মধ্যে যেকোনো একটি সুবিধা বেছে নেওয়ার সুযোগ পাবেন।

জয়ী অধিনায়ক যেটি বেছে নেবেন, তার অপর সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষ দল পেয়ে যাবে। (যেমন: টসজয়ী দল যদি প্রথমে শট নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রতিপক্ষ দল বেছে নেবে কোন গোলপোস্টে শট নেওয়া হবে)।

ফিফার বিশ্বাস, এই নতুন পদ্ধতি কার্যকর হলে টাইব্রেকারে পেনাল্টি শুটআউট শুরুর আগেই দুই দলের জন্য সমান সুযোগ ও ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে। তবে বিশ্বকাপের নকআউট পর্বেই এই নিয়ম সরাসরি প্রয়োগ করা হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। ফিফার এই নতুন নিয়মটি আন্তর্জাতিকভাবে কার্যকর করতে ফুটবলের আইন প্রণেতা সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’ -এর চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।

/এএ

Logo