×
Logo

খেলাধুলা

নেইমার সম্পূর্ণ ফিট ও খেলতে প্রস্তুত: আনচেলত্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৫ এএম

নেইমার সম্পূর্ণ ফিট ও খেলতে প্রস্তুত: আনচেলত্তি

হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস সঙ্গী ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। 

নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত। তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথুস কুনিয়া। উইংয়ে লুকাস পাকেতার সঙ্গে রায়ান। 

মাঝ মাঠে ভরসা দুই অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেজ। ডিফেন্স সেন্টার ব্যাক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল। লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে ৪-২-৩-১ ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ। 

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারালে মিলবে গ্রুপসেরার টিকিট।

স্কটল্যান্ডের বিপক্ষে দলের প্রস্তুতি নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'আমার মনে হয়, হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যা করেছিলাম সেটিই পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। বল পায়ে তীব্রতা বজায় রাখা, নির্ভুল থাকা এবং ভুল-পজেশন হারানো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। দল অনুশীলনে উন্নতি করছে এবং আমি ভাল ফলাফলের জন্য আত্মবিশ্বাসী। নেইমারও খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।' 

বিপরীতে হাইতির বিপক্ষে জয়দিয়ে আসর শুরু করা স্কটল্যান্ড দ্বিতীয় ম্যাচে হেরেছে মক্করোর কাছে। নকআউট পর্বের টিকিট পেতে এই ম্যাচে জয় দরকার ইউরোপ প্রতিনিধিদের। ড্র হলেও থাকবে সম্ভাবনা। ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগ রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে গোল আদায়ে চোখ থাকবে দলটির। মাঝমাঠে স্কট ম্যাকটমিনে এবং জন ম্যাকগিন স্কটল্যান্ডের মূল ভরসা। 

১৯৯৮ বিশ্বকাপে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিলো ব্রাজিল। এরপর ২০১১ সালে ঘরের মাঠে স্কটিশদের বিপক্ষে ২-০ গোলের জয় ছিলো সেলেসাওদের।

/এআই


Logo