×
Logo

খেলাধুলা

পানামাকে হারিয়ে নকআউট স্বপ্ন বাঁচিয়ে রাখলো ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:০৪ এএম

পানামাকে হারিয়ে নকআউট স্বপ্ন বাঁচিয়ে রাখলো ক্রোয়েশিয়া

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে টিকে থাকল ক্রোয়েশিয়া। অন্যদিকে, নকআউটের স্বপ্নভঙ্গ হলেও, পুরো ম্যাচজুড়ে সাহসিকতার পরিচয় দিয়েছে পানামা। তাদের বেশ কিছু দ্রুতগতির আক্রমণ অস্বস্তিতে ফেলেছে ক্রোয়েটদের রক্ষণভাগকে। 

বুধবার (২৪ জুন) কানাডার টরন্টোতে পানামার মুখোমুখি হয় ২০১৮ সালের রানার্সআপরা।

ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা আন্তে বুদিমির। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে স্তানিসিচের নিচু ক্রস থেকে সহজ ফিনিশে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধে গোলশূন্য ড্র অবস্থায় থাকলেও পানামার দ্রুতগতির আক্রমণে বেশ ভুগতে হয় ক্রোয়েশিয়াকে। বিরতিতে দুই আক্রমণভাগের পরিবর্তন এনে কৌশল বদলান কোচ জ্লাতকো দালিচ। সেই সিদ্ধান্তই ভাগ্য গড়ে দেয় ম্যাচের।

এই জয়ের ফলে গ্রুপে প্রথম পয়েন্ট পেল ক্রোয়েশিয়া। আগামী ম্যাচে ঘানার বিপক্ষে জিততে পারলেই নকআউট পর্ব নিশ্চিত হবে তাদের। 

অধিনায়ক লুকা মডরিচের জন্যও বিশেষ হয়ে থাকল এই ম্যাচটি। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছেন ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার। পুরুষ ফুটবলে আন্তর্জাতিক অঙ্গনে ২০০ ম্যাচ খেলা মাত্র চতুর্থ ফুটবলার তিনি।

অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। তবে ম্যাচে সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল তারা। সেগুলো দুর্দান্ত সেভে রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। 

গ্রুপের শেষ ম্যাচে আগামী রোববার (২৮ জুন) ফিলাডেলফিয়ায় ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে নিউ জার্সিতে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পানামা।

/এনএ 


Logo