×
Logo

খেলাধুলা

রোনালদোর জোড়া গোল, প্রথমার্ধে উজবেকিস্তানের বিপক্ষে বড় লিড পর্তুগালের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫২ পিএম

রোনালদোর জোড়া গোল, প্রথমার্ধে উজবেকিস্তানের বিপক্ষে বড় লিড পর্তুগালের

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধ শেষে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ তে এগিয়ে রয়েছে পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া স্কোর শিটে নাম লিখিয়েছেন নুনো মেন্দেস।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ অধিনায়ক। সতীর্থের বাড়ানো বলে দারুণ শট নিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক স্কোরের মালিক সিআরসেভেন। 

এরপর ফ্রি-কিক থেকে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন নুনো মেন্দেস। সবাই যখন রোনালদোর ফ্রি-কিক নেওয়ার অপেক্ষায়, তখন তিনি নিজের পরিচিত ভঙ্গিতে বলটি ছেড়ে দেন নুনো মেন্দেসের জন্য। মেন্দেস বা- পায়ের নিচু শটে মানবপ্রাচীর এড়িয়ে গোলরক্ষকের ডানদিকের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান। স্টেডিয়ামে উপস্থিত কেউ কল্পনাও করেননি যে রোনালদো ছাড়া অন্য কেউ ফ্রি-কিকটি নেবেন।

উজবেকিস্তানের আজিজ গানিয়েভ দুর্দান্ত এক দূরপাল্লার শটে বল জালে জড়ালেও গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়। বিল্ডআপের সময় বক্সের প্রান্তে জোয়াও ক্যানসেলো-র ওপর ফাউল হওয়ার কারণে ভিএআর পর্যালোচনার পর রেফারি গোলটি বাতিল করেন।

ম্যাচের ৩৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেস মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে নিখুঁত একটি পাস বাড়ান। দ্রুতগতিতে ছুটে গিয়ে রোনালদো গোলরক্ষককে পরাস্ত করে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন।

/এমএসটি/এমএইচআর

Logo