জর্ডান ম্যাচে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত স্কালোনির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এরইমধ্যে গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করায় নিয়মিত কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে আলবিসেলেস্তেরা। খবর টিওয়াইসি স্পোর্টস'র।
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর এবং জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে ওঠা। ফলে শনিবার ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচে স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্কালোনি।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, 'পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনে আমাদের পরিকল্পনা বদলাচ্ছে না। এখন আমরা পরিস্থিতি বিশ্লেষণ করব। যারা সুযোগ পাওয়ার যোগ্য, তাদের বেশিরভাগকেই খেলানোর চেষ্টা করব, যদি ম্যাচের পরিস্থিতি তা সাপোর্ট করে।'
স্কালোনির বক্তব্য থেকেই স্পষ্ট, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসছে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত অনুশীলনে নজর রাখবেন কোচ, তবু নিশ্চিতভাবেই বাইরে থাকছেন ক্রিস্তিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান তিনি। বিশ্বকাপ শুরুর আগেও একই হাঁটুর চোটে ভুগেছিলেন এই ডিফেন্ডার। তাই তাকে ঝুঁকিতে ফেলতে চায় না টিম ম্যানেজমেন্ট।
ডালাসে শনিবার রাত ১১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সামনে নকআউট পর্ব থাকায় কোনো খেলোয়াড়কে অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলতে রাজি নয় কোচিং স্টাফ। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ 'এইচ'-এর রানার্সআপ দল।
কাদের বিশ্রাম দেওয়া হবে, তা সময়ের সাথে স্পষ্ট হবে। চোট নিয়ে বিশ্বকাপ শুরু করা নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলেছেন। জর্ডানের বিপক্ষে তাদের আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে।
এছাড়া মিডফিল্ডের দুই ভরসা এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে কী সিদ্ধান্ত নেন স্কালোনি, সেদিকেও থাকবে নজর। প্রথম দুই ম্যাচই পুরোটা খেলেছেন তারা। একই অবস্থা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের। তাকে এখনও কোনো ম্যাচে বদলি করা হয়নি।
সবচেয়ে বেশি আলোচনা অবশ্য লিওনেল মেসিকে ঘিরেই। বুধবার ৩৯ বছরে পা দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক দুর্দান্ত বিশ্বকাপ কাটাচ্ছেন। এরইমধ্যে পাঁচ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। ১৮ গোল নিয়ে পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। যার গোলসংখ্যা ১৬।
তাই জর্ডানের বিপক্ষে মেসি খেলবেন কি না, সেটিই এখন সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল। খেললে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ থাকবে তার সামনে।
/এমএমএইচ