মেসির রেকর্ড গড়া গোলে লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম
ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধ শেষে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০তে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। ৮ম মিনিটে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। বক্সের ভেতরে ফাউলের শিকার হন লাউতারো মার্টিনেজ। ঘটনাটি নিয়ে দীর্ঘ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।
স্পট কিক নিতে আসেন মেসি। তবে আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করে লক্ষ্যের বাইরে চলে যায় তার শট। ফলে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি রেকর্ডটি একার দখলে নিলেন তিনি। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এলএমটেনের।
ম্যাচের ৩৩তম মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। মেসিও কোনো সময় নষ্ট না করে সরাসরি গোলে শট নেন। গোলপোস্ট সম্পূর্ণ ফাঁকা থাকায় আলাবা একেবারে সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে নিশ্চিত গোল ব্লক করে দেন।
তবে ৩৮তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দলগত নৈপুণ্যে মেসি তার রেকর্ড গড়া গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। বিশ্ব ফুটবলের এ আসরে মেসির গোল সংখ্যা এখন ১৭টি। দ্বিতীয় স্থানে জার্মানির মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। শীর্ষ পাঁচে থাকা বাকিরা হলেন— রোনালদো নারাজিও, গার্ড মুলার ও কিলিয়ান এমবাপ্পে।
পাশাপাশি, বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি। এতোদিন ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জেয়ারজিনহোর দখলে ছিল এই রেকর্ড।
/এমএইচআর