×
Logo

খেলাধুলা

ড্রয়ের পর লকার রুমে ইরানের চিঠি, 'মিনাব-১৬৮' লিখে মার্কিন হামলায় নিহত শিশুদের স্মরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম

ড্রয়ের পর লকার রুমে ইরানের চিঠি, 'মিনাব-১৬৮' লিখে মার্কিন হামলায় নিহত শিশুদের স্মরণ

ওয়ার্ল্ড কাপে গ্রুপ 'জি'তে গোলশূন্য স্কোরে শেষ হয়েছে ইরান-বেলজিয়াম ম্যাচ। একের পর এক আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করতে ব্যর্থ বেলজিয়ান ফরোয়ার্ড। তবে, এদিন অনবদ্য ছিলেন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ। একইসাথে ইরানের সকল প্লেয়ারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

সোমবার (২২ জুন) ম্যাচ শেষে সো-ফাই স্টেডিয়াম ত্যাগ করার পূর্বে নিজেদের লকার রুমে একটি স্পেশাল নোট লিখে যায় ইরানি ফুটবল টিম। 

নোটে ইরানি ফুটবলাররা লেখেন, প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে আধুনিক ইরান: আমাদের দেশের চেতনা আজও দৃঢ় ও জীবন্ত। একই সঙ্গে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান তারা।

নোটে বিশেষভাবে লাল কালিতে একটি বিশেষ বার্তা দেওয়া হয় যেখানে লেখা ছিল 'মিনাব-১৬৮'। 


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে ১৬৮ শিশু নিহত হয়।

নোটে আরও উল্লেখ করা হয়, টুর্নামেন্টে ইরান সমর্থকদের ভালোবাসা, উল্লাস ও আবেগ দলকে অনুপ্রাণিত করেছে। বার্তার শেষে সব জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বান জানানো হয়।

ইরান তাদের প্রথম দুইটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে খেলেছে, যার মধ্যে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র রয়েছে। 

দলটি বর্তমানে মেক্সিকোর তিহুয়ানা থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করে ম্যাচ খেলছে, যেখানে ভিসা ও ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধের কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে।

দলের কোচ আমির ঘালেনোই বারবার এই বিধিনিষেধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দাবি, অন্য কোনো দলের তুলনায় ইরানকে অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরান মুখোমুখি হবে মিশরের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে, যেখানে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামবে দলটি। 

/এআই 

Logo