×
Logo

খেলাধুলা

উরুগুয়ের মুখোমুখি কেপ ভার্দে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৩১ এএম

উরুগুয়ের মুখোমুখি কেপ ভার্দে

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল নবাগত কেপ ভার্দে। সেই ঐতিহাসিক রূপকথা লেখার পর, এবার গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় ম্যাচে আরেক পরাশক্তি উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার এই পুচকে দেশটি।

সোমবার (২২ জুন) ফ্লোরিডার মিয়ামিতে হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে পয়েন্ট তুলে নেওয়ার পর কোচ বুবিস্তার দল এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে তাদের আর মাত্র ৩ বা ৪টি পয়েন্টের প্রয়োজন।

পাশাপাশি স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা ৮টি অসাধারণ সেভ করে রাতারাতি তারকা বনে গেছেন, যার ফলশ্রুতিতে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ইতোমধ্যে ১৪ মিলিয়ন ছাড়িয়েছে।  তবে রক্ষণভাগ স্প্যানিশদের ২.১ এক্সপেক্টেড গোল ও বক্সের ভেতর ৫১টি টাচ সামলাতে পারলেও, উরুগুয়ের শক্তিশালী ফরোয়ার্ড লাইনের বিপক্ষে গোলখরা কাটানো এবং আক্রমণভাগে অধিনায়ক রায়ান মেন্দেস ও সেন্টার ফরোয়ার্ড দাইলন লিভরামেন্তোর কাছ থেকে বিশেষ কিছু করে দেখানোই হবে আফ্রিকার দলটির মূল চ্যালেঞ্জ।

অপরদিকে, লাতিন আমেরিকার দল উরুগুয়ে তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে রয়েছে। ম্যাক্সি আরাউজোর সমতাসূচক গোলে ১ পয়েন্ট পেলেও কোচ মার্সেলো বিয়েলসার রণকৌশল নিয়ে দেশের সাবেক তারকারা গণমাধ্যমে বেশ সমালোচনা করেছেন। তবে সৌদি আরবের বিপক্ষে ম্যাচটিতে লা সেলেস্তেরা মোট ২৭টি শট নিয়েছিল, যার ১০টিই ছিল অন-টার্গেট। 

কোচ বিয়েলসা তার চেনা ৪-৪-২ ফরমেশনেই দল সাজাতে পারেন, যেখানে লিভারপুলের সাবেক ফরোয়ার্ড দারউইন নুনিয়াসের ওপরই থাকবে মূল ভরসা। রক্ষণভাগে বার্সেলোনা তারকা রোনালদ আরাউহোর চোট নিয়ে কিছুটা সংশয় থাকলেও জুয়ান সানাব্রিয়াকে লেফট-ব্যাকে দেখা যেতে পারে। কাগজে-কলমে উরুগুয়ে স্পষ্ট ফেবারিট হলেও, বিয়েলসার হাই-ইনটেনসিটি প্রেসিং ফুটবলকে রুখে দিয়ে আরেকটি অঘটনের স্বপ্ন বুনছে নবাগত কেপ ভার্দে।

/এমএইচআর

Logo