ইয়ামাল-ওইয়ারসাবালে দিশেহারা সৌদি আরব, প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিল স্পেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫১ পিএম
ফিফা বিশ্বকাপে গ্রুপ 'এইচ' এর তৃতীয় ম্যাচে প্রথমার্ধ শেষে সৌদি আরবের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন ওইয়ারসাবাল। এছাড়া স্কোর শিটে নাম লিখিয়েছেন লামিন ইয়ামাল।
রোববার (২১ জুন) আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। উভয় দল নিজেদের প্রথম ম্যাচ ড্র করায় নকআউট পর্বের টিকিট পেতে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যাচের শুরুতেই ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। দুর্দান্ত এক গোল করে ডেডলক ভাঙার পাশাপাশি দলকে লিড এনে দেন এ বার্সা ফরোয়ার্ড।
এরপর জোড়া গোল করে ব্যবধান বাড়ান মিকেল ওইয়ারসাবাল। ২১তম মিনিটে একটি কর্নার কিক থেকে জটলার সৃষ্টি হলে বল পান দানি ওলমো। তিনি দারুণ এক ফ্লিকে বল বাড়িয়ে দেন সিক্স-ইয়ার্ড বক্সের দিকে। সৌদি ডিফেন্ডাররা বলটি ক্লিয়ার করতে পুরোপুরি ব্যর্থ হলে সুযোগসন্ধানী এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক বদলে দেন। একদম ফাঁকায় বল পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল। প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে স্পেনকে এনে দেন বড় লিড।
প্রথম গোলের ৩ মিনিট বাদেই নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলের দেখা পান ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়ান এ রিয়াল সোসিয়াদেদ ফরোয়ার্ড।
উল্লেখ্য, এ ম্যাচে গোল করার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে ব্রাজিলের পেলের পর নিজের প্রথম ম্যাচেই স্কোর শিটে নাম তুললেন ইয়ামাল।
/এমএইচআর