নকআউটের টিকিটের লড়াইয়ে আগামীকাল অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে শুরু হবে এই মাঠের লড়াই। উভয় দলের সামনেই রয়েছে এই ম্যাচ জিতে নকআউট পর্ব তথা শেষ ৩২ নিশ্চিত করার বড় সুযোগ।
গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের হার মেসিদের কাছে ছিল এক দুঃস্বপ্নের মতো। অনেকেই হয়তো কল্পনা করেনি, শ্রেষ্ঠত্বের আসরের প্রথম ম্যাচেই এমন এক ধাক্কা খেতে পারে আলবিসেলেস্তেরা। তবে এবারের বিশ্বকাপে এসে এমন ভুল আর করতে চাইবে না বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, অস্ট্রিয়াও কিন্তু ছেড়ে কথা বলবে না। তারাও সৌদি আরবের মতো হয়তো বড় কোনো ফাঁদ পাততে যাচ্ছে মেসিদের বিপক্ষে। ইউরোপের দেশটির সামনেও রয়েছে নকআউট পর্ব নিশ্চিত করার হাতছানি।
নিজেদের প্রথম ম্যাচে দুদলই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল। আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে, অস্ট্রিয়াও তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে। ফলে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে বেশ সমীহ করে বলেন– আমরা জানি, কেমন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। শুধু মেসি নয়, দল হিসেবেও তারা অত্যন্ত শক্তিশালী। তারা কী করতে সক্ষম, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে।
আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমারও অস্ট্রিয়াকে হালকাভাবে নিচ্ছেন না। তার মতে, অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ এবং শারীরিকভাবে তারা অত্যন্ত শক্তিশালী দল। ম্যাচটি কোনোভাবেই সহজ হবে না।
খেলার পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার বিশ্লেষণ অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬০.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২২.৪ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭.৬ শতাংশ।
দুদলের লড়াইয়ে যেমন হতে পারে গ্রুপ 'জে'র সমীকরণ:
আর্জেন্টিনা জয়ী হলে: আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে সরাসরি নকআউট বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে থাকবে। তখন ৩ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া ও আলজেরিয়া গ্রুপের শেষ ম্যাচে নকআউটে ওঠার জন্য লড়বে।
ম্যাচ ড্র হলে: উভয় দলই ৪ পয়েন্ট পাবে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ও নকআউটের ভাগ্য নির্ধারণ হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।
অস্ট্রিয়া জয়ী হলে: অস্ট্রিয়া ৬ পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করবে। ৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা চাপে পড়ে যাবে এবং গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাদের জয় অত্যাবশ্যক হয়ে পড়বে।
অর্থাৎ দুই দলের সামনেই রয়েছে টেবিলের শীর্ষে ওঠার এবং নকআউটের টিকিট কাটার। শেষ পর্যন্ত মেসি ম্যাজিকে আর্জেন্টিনা জয়রথ ধরে রাখে, নাকি আর্নাউতোভিচরা নতুন কোনো রূপকথা লেখে, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।
এমএসটি/এএম