×
Logo

খেলাধুলা

আয়াসে উয়েদার জোড়া স্কোর, ৪-০ গোলে তিউনিসিয়াকে গুঁড়িয়ে দিল জাপানিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:১৪ পিএম

আয়াসে উয়েদার জোড়া স্কোর, ৪-০ গোলে তিউনিসিয়াকে গুঁড়িয়ে দিল জাপানিরা

১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়ামের ম্যাচ দিয়ে যে ফুটবলীয় মহাকাব্যের সূচনা হয়েছিল, ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে এসে সেই টুর্নামেন্ট স্পর্শ করল '১০০০তম ম্যাচ'-এর এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক মাইলফলক। আর ফুটবল ইতিহাসের এই স্মরণীয় হাজারতম ম্যাচটিকে স্রেফ নিজেদের গোল উৎসবের মঞ্চ বানিয়ে নিল এশিয়ার পরাশক্তি জাপান। 

রোববার (২১ জুন) মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হয়ে ৪-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে নিল ব্লু সামুরাইরা। ফরোয়ার্ড আয়াসে উয়েদার চোখ ধাঁধানো জোড়া গোল, দাইচি কামাদার দ্রুততম লিড এবং জুনিয়া ইতোর নিখুঁত স্ট্রাইকে আফ্রিকান দলটিকে পুরোপুরি খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে জাপানিরা। 

১৩টি দল নিয়ে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ আজ ৪৮ দলের এক বিশাল বৈশ্বিক মহোৎসবে রূপ নিয়েছে, আর সেই মহোৎসবের ১০০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ম্যাচের ৪ মিনিটেই প্রথম আঘাতটি হানেন জাপানি মিডফিল্ডার দাইচি কামাদা। তার এক দুর্দান্ত ও চটজলদি গোলে শুরুতেই লিড নেয় জাপান। এরপর ৩১তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে তিউনিসিয়ার ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক গলে বল সরাসরি জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন ফরোয়ার্ড আয়াসে উয়েদা। প্রথমার্ধের এই দাপট দ্বিতীয়ার্ধেও ধরে রাখে এশিয়ান জায়ান্টরা।

ম্যাচের এখনো ২০ মিনিট বাকি থাকতেই তিউনিসিয়াকে আরও দুটি গোল দেয় ব্লু সামুরাইরা। ম্যাচের ৬৯তম মিনিটে তিউনিসিয়ান ডিফেন্স ভেঙে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তারকা উইঙ্গার জুনিয়া ইতো। তবে এখানেই থামেনি জাপানি সামুরাইদের আক্রমণভাগ। ম্যাচের ৮৩তম মিনিটে বক্সের ভেতর চমৎকার পজিশনিং থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে নিজের ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের হালি পূরণ করেন আয়াসে উয়েদা। ৪-০ গোলের এই পাহাড়সম লিড নিয়ে মাঠের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি জাপানের পকেটে।

/এএ




Logo