এক যুগ পর আবারও বিশ্বকাপের নকআউটে পর্বে জার্মানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩১ এএম
টানা দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সেই দুঃসহ স্মৃতি আর গ্লানি অবশেষে মুছে গেল। শনিবার (২০ জুন) টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলের নাটকীয় জয়ে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বা শেষ ৩২ নিশ্চিত করেছে জার্মানি।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম বিশ্বমঞ্চের নকআউট পর্বে পা রাখল ডাই মানশাফটরা। আর এই ঐতিহাসিক জয়ে জার্মানি শুধু পরের পর্বেই টিকিট কাটেনি, বরং বিশ্বকাপে সর্বোচ্চ ২৪১ গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আবারও ছুঁয়ে ফেলেছে।
ম্যাচের প্রথমার্ধটা অবশ্য জার্মান সমর্থকদের জন্য ছিল চরম হতাশা আর বুকভাঙা বেদনার। ম্যাচের ৩০তম মিনিটে ইয়ান দিওমান্দের পাস থেকে আইভরি কোস্টকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফ্রাঙ্ক কেসি। এর আগে ও পরে প্রথমার্ধে আলেকসান্ডার পাভলোভিচ এবং আর্সেনাল তারকা কাই হাভার্টজ দুবার আইভরি কোস্টের জালে বল পাঠালেও ফাউলের কারণে রেফারি দুটি গোলই বাতিল করে দেন। ডাগআউটে থাকা কোচ ইউলিয়ান নাগেলসম্যানের ওপর যখন গত দুই বিশ্বকাপের ভূত চেপে বসছিল, ঠিক তখনই তিনি মাঠে নামান সুপার-সাব দেনিজ উন্দাভকে।
দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির নিখুঁত ক্রস থেকে এক দর্শনীয় ভলিতে জার্মানিকে ১-১ সমতায় ফেরান উন্দাভ। এরপর ম্যাচের নাটকের তখনো বাকি ছিল। ইনজুরি সময়ের ঠিক চতুর্থ মিনিটে (৯৪ মিনিটে) ফেলিক্স নমেচার পাস থেকে ডান পায়ের জাদুতে আইভরি কোস্টের ডিফেন্স চূর্ণ করে নিজের দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন উন্দাভ। মুহূর্তের মধ্যে টরন্টোর গ্যালারিতে থাকা ৪৩ হাজার জার্মান সমর্থক বুনো উল্লাসে মেতে ওঠেন।
ম্যাচ শেষে ডিফেন্ডার জোনাথন তা সতীর্থদের জেতার মানসিকতার প্রশংসা করে বলেন, আমাদের আজ সবই ছিল, আমরা কেউ হাল ছাড়িনি। আইভরি কোস্ট হেরে গেলেও এখনো তাদের বিদায় ঘণ্টা বাজেনি। শেষ ম্যাচে নবাগত কুরাসাওকে হারাতে পারলে তাদের সামনেও থাকবে নকআউটের সুবর্ণ সুযোগ।
/এএ