×
Logo

খেলাধুলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২০ এএম

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো বিদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে একাধিক ম্যাচ জয়ের স্বাদ পেল টাইগ্রেসরা।

শনিবার (২০ জুন) সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে স্বর্ণার ব্যাটে।

ইনিংসের শুরুতে মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে টাইগ্রেসরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন জ্যোতি। তিনি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত ছিলেন স্বর্ণা। এই তরুণ ব্যাটার রীতিমতো ঝড় তোলেন। ৫ চারে ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে পাকিস্তান। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি। পরবর্তীতে নির্দিষ্ট বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষদিকে প্রয়োজনীয় রানরেট মেটাতে আক্রমণে যায় তারা। শেষ পর্যন্ত ২৩ রানে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ জয়ের আগের রেকর্ডে ভাগ বসালো নিগার সুলতানা জ্যোতি বাহিনী। লাল সবুজের প্রতিনিধিরা ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আইয়ারল্যান্ডকে হারিয়েছিল। চলতি আসরে প্রথম জয়টি ডাচদের বিপক্ষে।

/এমএইচআর

Logo