ব্রাজিলের নতুন শঙ্কা রাফিনিয়ার চোট, অবস্থা জানাতে পারেননি আনচেলত্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
হাইতির বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলের তারকা উইঙ্গার রাফিনিয়াকে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উদ্বেগ তৈরি হয়েছে সেলেসাও শিবিরে।
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের ৩৯তম মিনিটে হঠাৎ মাঠে বসে পড়েন রাফিনিয়া। সঙ্গে সঙ্গে তার সতীর্থ ও দলের চিকিৎসকরা তাকে ঘিরে ধরেন।
মাঠ থেকে উঠে দাঁড়ানোর পর গোলরক্ষক অ্যালিসন এবং ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের সঙ্গে করমর্দন করেন তিনি। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে যান। এ সময় ভিনিসিউসকে রাফিনিয়ার হ্যামস্ট্রিংয়ের দিকে ইঙ্গিত করতে দেখা যায়, যা চোটের ধরন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
বেঞ্চে ফেরার সময় মাথা নিচু করে হাঁটছিলেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। সতীর্থদের পাশাপাশি কোচ কার্লো আনচেলত্তিকেও তাকে সান্ত্বনা দিতে দেখা যায়।
তার চোট পাওয়ার সময় ২-০ গোলে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাফিনিয়ার পরিবর্তে মাঠে নামেন তরুণ উইঙ্গার রায়ান। মাতেউস কুনার জোড়া গোলে এগিয়ে থাকা দলটি পরে ভিনিসিয়উস জুনিয়রের আরেকটি গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।
তবে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাফিনিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি কোচ আনচেলত্তি। তিনি বলেছেন, রাফিনিয়ার পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। আগামীকাল আমরা আরও বিস্তারিত জানতে পারব। এই মুহূর্তে ঠিক কী ঘটেছে, তা আমরা জানি না।
এদিকে, সাম্প্রতিক সময়েও চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করতে হয়েছে রাফিনিয়াকে। বছরের শুরুতে একাধিক প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। এছাড়া মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর ক্রোয়েশিয়ার বিপক্ষেও অনুপস্থিত ছিলেন।
এটি রাফিনিয়ার দ্বিতীয় বিশ্বকাপ আসর। এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে গোলের দেখা না পেলেও ক্লাব ফুটবলে তার পরিসংখ্যান ঈর্ষণীয়। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ১৭৭ ম্যাচে ৭৫ গোল করার পাশাপাশি ৫২টি গোলে সহায়তা করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় অপেক্ষা রাফিনিয়ার চোট কতটা গুরুতর এবং তিনি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না, সেই উত্তর জানার জন্য।
/এনএ