১০ জনের প্যারাগুয়ের রক্ষণদুর্গে ১-০তে পরাজিত তুরস্ক, বিদায় নিলো বিশ্বকাপ থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:২৮ পিএম
২০২৬ বিশ্বকাপের 'ডি' গ্রুপের দুর্দান্ত লড়াইয়ে ১০ জনের দল নিয়েও তুরস্ককে ১-০ গোলে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে। ম্যাচে লাল কার্ডে একজন খেলোয়াড় কমে গেলেও রক্ষণভাগের সাহসী পারফরম্যান্সে জয় নিশ্চিত করে এই ল্যাটিন আমেরিকার দলটি। আর হেরে নকআউটের স্বপ্ন ভঙ্গ হলো তুরস্কের।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টায় সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।
ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডেই বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলগুলোর একটি করে এগিয়ে যায় প্যারাগুয়ে। মিডফিল্ডার মাতিয়াস গালারজা প্রায় ২৫ মিটার দূর থেকে নিচু শটে জোরালো এক শট নিয়ে বল জালে জড়ান। তার এই গোলটি এই বিশ্বকাপের দ্রুততম গোল হিসেবে রেকর্ড গড়ে, যা এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে করা, মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডের গোলকে ছাড়িয়ে যায়।
তবে, ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের ইনজুরি টাইমে। তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে সংঘর্ষের সময় প্রতিপক্ষের মুখ চেপে ধরার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। টুর্নামেন্টে নতুন নিয়ম অনুযায়ী এই ধরনের আচরণের কারণে তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে শাস্তি পান।
একজন কম নিয়ে খেলতে নামলেও দমে যায়নি প্যারাগুয়ে। পুরো ম্যাচজুড়ে তুরস্কের একের পর এক আক্রমণ সামলিয়ে তারা রক্ষণভাগে দুর্দান্ত দৃঢ়তা দেখায়।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর এই জয়, প্যারাগুয়ের জন্য এক দারুণ ঘুরে দাঁড়ানোর বার্তা।
এদিকে, পরিসংখ্যান অনুযায়ী ম্যাচে বলের দখলে সম্পূর্ণ আধিপত্য ছিল তুরস্কের। বলের পজিশন ছিল ৭৯ শতাংশ। তারা ৩২টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৫টি। অন্যদিকে, প্যারাগুয়ে মাত্র ২১ শতাংশ বল দখলে রেখে ৫টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
তুরস্কের ১২টি কর্নার ও ধারাবাহিক চাপ সত্ত্বেও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ পর্যন্ত রক্ষণে অটল থেকে ঐতিহাসিক জয় নিশ্চিত করে প্যারাগুয়ে।
এই জয়ে এবারের আসরে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে প্যারাগুয়ে, আর তুরস্কের নকআউট স্বপ্নে লেগেছে বড় ধাক্কা। এক ম্যাচ বাকি থাকতেই, বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে।
/এনএ