×
Logo

খেলাধুলা

ব্রাজিলের আক্রমণের নতুন প্রাণ মাতেউস কুনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৫৯ এএম

ব্রাজিলের আক্রমণের নতুন প্রাণ মাতেউস কুনা

২০২৬ বিশ্বকাপের 'সি' গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমালোচনার লক্ষ্যবস্তু হয় ব্রাজিলের আক্রমণভাগ। তবে হাইতির বিপক্ষে সেই চিত্র পুরোপুরি বদলে দেয় মাতেউস কুনার উপস্থিতি।

শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় তার করা দুই গোলে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

শুধু দুই গোলই নয়, মাঠজুড়ে তার চলাফেরা ও বলের জন্য নিচে নেমে আসার প্রবণতা আরও গতিশীল করে তোলে সেলেসাওদের আক্রমণ। তার পারফরম্যান্সে ব্রাজিলের আক্রমণে ভারসাম্য ও ধার দুটোই ফিরে আসে। 

মরক্কোর বিপক্ষে ম্যাচের পর একাদশে দুটি পরিবর্তন আনেন আনচেলত্তি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইগর থিয়াগোর বদলে মাতেউস কুনাকে আক্রমণের কেন্দ্রে আনা। 

এই পরিবর্তনই বদলে দেয় ব্রাজিলের আক্রমণভাগ। মিডফিল্ড ও আক্রমণভাগের মধ্যে স্বাভাবিক সংযোগ তৈরি করেন কুনা, যা প্রথম ম্যাচে অনুপস্থিত ছিল। একই সঙ্গে আনচেলত্তির ডায়মন্ড মিডফিল্ড পরিকল্পনাও প্রথমবারের মতো কার্যকর হতে দেখা যায়।

মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে ব্যর্থ হয়ে সমালোচিত হওয়া লুকাস পাকেতাও হাইতির বিপক্ষে অনেক বেশি স্বচ্ছন্দ ছিলেন। বা দিকের মিডফিল্ডার হিসেবে ভিনিসিউস জুনিয়রকে সহায়তা করেন এবং কুনার সঙ্গে চমৎকার সমন্বয় গড়ে তোলেন ফ্ল্যামেঙ্গোর এই ফুটবলার।

কুনার নিরলস দৌড়, পাকেতার সক্রিয় উপস্থিতি এবং ভিনিসিউসের সঙ্গে তাদের বোঝাপড়া ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করে। ম্যাচের তিনটি গোলই এসেছে মূলত এই বা দিকের আক্রমণভাগ থেকে।

নেইমারের গুরুতর চোটের পর থেকে বাম পাশে এমন কার্যকর সমন্বয় খুব কমই দেখা গেছে ব্রাজিল দলে। মাঝেমধ্যে নিচে নেমে এসে খেলা গড়ার ক্ষেত্রে কুনার ভূমিকা ভিনিসিয়ুস ও পাকেতার জন্য অতিরিক্ত জায়গা তৈরি করেছে।  

বিশ্বকাপে সাফল্য পেতে হলে ব্রাজিলকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে এই জয় দলটির আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে। গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে এখন গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। শেষ গ্রুপ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

/এনএ 

Logo