×
Logo

খেলাধুলা

ব্রাজিল দলে দুই পরিবর্তন, নেই ইবানেস ও ইগর থিয়াগো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:১৮ এএম

ব্রাজিল দলে দুই পরিবর্তন, নেই ইবানেস ও ইগর থিয়াগো

বিশ্বকাপের গ্রুপপর্বে হাইতির বিপক্ষে ম্যাচের জন্য একাদশে দুটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আজকের একাদশ থেকে বাদ পড়ছেন ইবানেস ও ইগর থিয়াগো। 

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

ম্যাচের প্রথম একাদশে, রক্ষণভাগে ইবানেজের জায়গায় ডান প্রান্তে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ডানিলো। এছাড়া আক্রমণভাগে ইগর থিয়াগোর পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাতেউস কুনা।

তবে প্রথম ম্যাচে সমালোচনার মুখে পড়া ব্রুনো গিমারায়েস, কাসেমিরো ও লুকাস পাকেতাকে নিয়ে গড়া মিডফিল্ড ত্রয়ী অপরিবর্তিত রেখেছেন আনচেলত্তি। এ সিদ্ধান্তে ব্রাজিলিয়ান সমর্থকদের একটি বড় অংশ সন্তুষ্ট নয়। একই সঙ্গে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে আবারও বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

কাগজে-কলমে শক্তির বিচারে হাইতির বিপক্ষে ব্রাজিল স্পষ্ট ফেভারিট হলেও ফুটবলে অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে, হাইতি দলেও এসেছে দুই পরিবর্তন। স্কটল্যান্ডের বিপক্ষে পরাজিত একাদশের আক্রমণভাগে খেলা ইসিদরের পরিবর্তে সুযোগ পেয়েছেন কাসিমির। এছাড়া ডান উইংয়ে ডিডসনের জায়গায় খেলবেন ডুভার্নে।

দলটি এখনও ৪-৪-২ ছকে খেললেও কাসিমিরের উপস্থিতি আক্রমণে বাড়তি নমনীয়তা এনে দিতে পারে। কারণ তিনি ফরোয়ার্ডের পাশাপাশি উইংয়েও খেলতে সক্ষম।

বড় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা হাইতি বিশেষভাবে নজর রাখবে ব্রাজিলের দুই অভিজ্ঞ ফুলব্যাক ডানিলো ও ডগলাস সান্তোসের ওপর। বয়স যথাক্রমে ৩৪ ও ৩২ হলেও দুজনই এখনও উচ্চ পর্যায়ের ফুটবলে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।

/এনএ

Logo