অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:০৬ এএম
ফিফা বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এতে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে মার্কিন বাহিনীর।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাতে সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-০ গোলে। ম্যাচের দুইটি গোলই আসে প্রথমার্ধে। দলের হয়ে স্কোরশিটে নাম লেখান ফ্রিম্যান। একটি গোল হয় আত্মঘাতী।
১১তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে লিড পায় স্বাগতিকরা। ৬ গজের বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন বার্জেস।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের ২ মিনিট আগে অ্যালেক্স ফ্রিম্যানের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সার্জিনিও ডেস্টের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় মার্কিন বাহিনী।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। তবে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তাদের ফরোয়ার্ড বাহিনী। একই গল্প মার্কিনীদেরও। তারাও একের পর এক আক্রমণ চালায়। তবে সেটি প্রতিপক্ষের জাল পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
আগামী শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। অপরদিকে, পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
/এমএইচআর