×
Logo

খেলাধুলা

স্পট ফিক্সিং তদন্তের জেরে কানাডার ভিসা পাননি ওয়াহি, মিস করবেন জার্মানি ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

স্পট ফিক্সিং তদন্তের জেরে কানাডার ভিসা পাননি ওয়াহি, মিস করবেন জার্মানি ম্যাচ

স্পট ফিক্সিংয়ের দায়ে গত মাসে আটক হয়েছিলেন আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি। এমন খবর প্রকাশের পর ভিসা অনুমোদন না হওয়ায় জার্মানির বিপক্ষে ম্যাচ খেলতে কানাডায় যেতে পারছেন না তিনি । খবর, আল জাজিরার।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে আইভরিয়ান ফুটবল ফেডারেশন (এফআইএফ) এ তথ্য জানায়।

এতে বলা হয়, চলতি সপ্তাহে টরেন্টোতে জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে দলের সঙ্গে কানাডায় ভ্রমণ করতে পারবেন না ওয়াহি। কারণ হিসেবে বলা হয়েছে— দেশটিতে তার প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন এখনও মেলেনি।

সম্প্রতি ফ্রান্সে একটি স্পট ফিক্সিং তদন্তের সঙ্গে তার নাম জড়িয়ে আলোচনায় আসেন আফ্রিকান এই ফরোয়ার্ড। মে মাসে ফ্রেঞ্চ লিগ ওয়ানের একটি ম্যাচে তার পাওয়া হলুদ কার্ডকে ঘিরে অস্বাভাবিক বেটিং কার্যক্রমের তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করে ফরাসি কর্তৃপক্ষ।

তবে সবশেষ তথ্যানুযায়ী ওয়াহিকে কোনো মামলায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি। এ বিষয়ে তার পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্সেই প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানায়, গত ২৯ মে ২৩ বছর বয়সী এক লিগ ওয়ান ফুটবলারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি এবং অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ইকুয়েডরকে ১-০ গোলে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে আইভরি কোস্ট। সেই ম্যাচে দলের আক্রমণভাগের অন্যতম কাণ্ডারি ছিলেন ওয়াহি। তবে জার্মানির বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না দল। 

ফেডারেশন জানিয়েছে, দলের কানাডা সফরের সময় ওয়াহি যুক্তরাষ্ট্রেই থাকবেন। দল ফিরে এলে তার পরবর্তী অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এমএসটি/এমএইচআর

Logo