আজ রাতে মুখোমুখি চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা, কেমন হতে পারে তাদের রণকৌশল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
ফাইল ছবি
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ 'এ'-র সমীকরণ মেলাতে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এক বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং সহ-আয়োজক মেক্সিকোর কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে দুই দলই। টুর্নামেন্টের কলেবর বৃদ্ধি পাওয়ায় এই ম্যাচ হারলেই যে বিদায়ঘণ্টা বেজে যাবে তা নয়, তবে নকআউট পর্বের রেসে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই মিরোস্লাভ কুবেক এবং হুগো ব্রোসের শিষ্যদের সামনে।
বৃহস্পতিবার (১৮ জুন) ম্যাচটি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য ও নজিরবিহীন রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে। চেক কোচ মিরোস্লাভ কুবেক ৭৪ বছর ২৯০ দিন এবং দক্ষিণ আফ্রিকার হুগো ব্রোস ৭৪ বছর ৬৯ দিন বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এমন কোনো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ডাগআউটে থাকা দুই প্রধান কোচের বয়সই ৭০ বছরের ওপরে।
মাঠের লড়াইয়ের আগে অবশ্য বেশ ব্যাকফুটে রয়েছে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় আজ খেলতে পারবেন না দলের দুই অন্যতম প্রধান তারকা ইয়ায়া সিথোল এবং থেম্বা জোয়ানে। সিথোলের জায়গায় মাঝমাঠে আজ দেখা যেতে পারে থালেন্দে এমবাথাকে। হার এড়াতে কোচ হুগো ব্রোস আজও তার রক্ষণাত্মক ৫-৩-২ ফর্মেশন ধরে রাখবেন বলেই আভাস পাওয়া যাচ্ছে। তবে মাঝমাঠে ক্রিয়েটিভিটি বা আক্রমণাত্মক ধার বাড়াতে অরল্যান্ডো পাইরেটসের ওসউইন অ্যাপোলিসকে নামিয়ে জুয়া খেলতে পারেন ক্রোয়াটদের বিপক্ষে। মেক্সিকোর বিপক্ষে ৯২.৯% নিখুঁত পাস দিয়ে নজর কাড়া তেবোহো মোকোয়েনার ওপর আজ অনেক কিছু নির্ভর করবে।
অন্যদিকে, প্রথম ম্যাচে হারলেও চেক প্রজাতন্ত্রের স্কোয়াডে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আক্রমণভাগে কিছুটা গতি বাড়াতে লুকাস প্রোভোদের জায়গায় হফেনহেইম ফরোয়ার্ড অ্যাডাম হ্লোজেককে শুরুর একাদশে দেখা যেতে পারে। পরিসংখ্যান ও প্রেডিকশনের বিচারে আজ আটলান্টার মাঠে পরিষ্কার ফেভারিট চেক প্রজাতন্ত্র। অপ্টা সুপারকম্পিউটারের রায়ে চেক দলের জয়ের সম্ভাবনা ৫২.৯ শতাংশ, যেখানে দক্ষিণ আফ্রিকার জয় পাওয়ার সম্ভাবনা মাত্র ২৩.৩ শতাংশ।
/এএ