×
Logo

খেলাধুলা

উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২৩ এএম

উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচের লড়াইয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া উজবেকিস্তানকে হারিয়েছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া।

বৃহস্পতিবার (১৮ জুন) নবাগত উজবেকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল লা ক্যাফেতেরোসরা। প্রথমার্ধের লিড ধরে রেখে দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান সমতায় ফিরলেও, লুইস দিয়াজের নৈপুণ্য ও অতিরিক্ত সময়ে জামিনটন ক্যাম্পাজের শেষ পেরেকের ওপর ভর করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে কলম্বিয়া।  

ম্যাচের ৬০তম মিনিটে এক দুর্দান্ত আক্রমণে কলম্বিয়ার ডিফেন্স ভেঙে সমতা এনেছিল উজবেকিস্তান। দলের হয়ে ঐতিহাসিক এই গোলটি করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। মূলত এল্দর শোমুরোদভের একটি জোরালো ভলি কলম্বিয়ার গোলকিপার কামিলো ভার্গাস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে, সুযোগসন্ধানী ফাইজুল্লায়েভ গোলমুখে বল পেয়ে যান। অত্যন্ত ঠাণ্ডা মাথায় শুধু মাথা ছুঁইয়ে বল জালমুখী করেন তিনি, আর তাতেই উল্লাসে ফেটে পড়ে পুরো উজবেক শিবির।

তবে বিশ্বমঞ্চে নবাগতদের সেই সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি কলম্বিয়ার বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড লুইস দিয়াজ। উজবেকিস্তান সমতা আনার ঠিক ৫ মিনিট পরেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের এক কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে জড়ান তিনি।উজবেক গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বলে হাত ছোঁয়ালেও, দিয়াজের শটের গতি এত বেশি ছিল যে বলের গতিপথ না পাল্টে সরাসরি তা জালে আশ্রয় নেয়।

ম্যাচের একদম শেষলগ্নে, অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে ২ গোলের নিরাপদ লিড এনে দেন জামিনটন ক্যাম্পাজ। তার এই গোলের পর উজবেকিস্তানের ম্যাচ ফেরা পুরোপুরি অসম্ভব হয়ে পড়ে এবং ৩-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কলম্বিয়া।

/এএ 


Logo