×
Logo

খেলাধুলা

তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে

শুক্রবার হাতিরঝিলে দৌড়াবেন ১৭ দেশের দৌড়বিদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

শুক্রবার হাতিরঝিলে দৌড়াবেন ১৭ দেশের দৌড়বিদ

আগামী শুক্রবার (১৯ জুন) ভোর ৪টায় রাজধানীর হাতিরঝিলে শুরু হতে যাচ্ছে তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে-এর তৃতীয় আসর। ‘রোড টু গ্লোরি’ থিম নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক মহাযজ্ঞে বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় ৩ হাজার দৌড়বিদ অংশ নিচ্ছেন।

'রান বাংলাদেশ'-এর আয়োজনে অনুষ্ঠিত এই রেসটি ইতিমধ্যে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করায় ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেস’ এবং ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকস’-এর স্বীকৃতি পেয়েছে।

সব বয়স ও শারীরিক সক্ষমতার মানুষের অংশগ্রহণের সুযোগ রেখে এবারের আয়োজনে ২৫ কিলোমিটারের মূল রেসের পাশাপাশি ১০ কিলোমিটার রেস, শিশুদের জন্য ৩ কিলোমিটার কিডস রেস এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৩ কিলোমিটার হুইলচেয়ার ক্যাটাগরি রাখা হয়েছে।

দৌড়বিদদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিরাপদে রেস সম্পন্ন করতে ট্র্যাকজুড়ে সহযোগিতা করবেন অভিজ্ঞ পেসাররা। এছাড়া দৌড়বিদদের অনুপ্রাণিত করতে এবং আয়োজনের উদ্দীপনা বাড়াতে উপস্থিত থাকবেন 'রান বাংলাদেশ'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাকিবুল ইসলাম।

‘ঢাকা ২৫কে’-এর রেস ডিরেক্টর এবং রান বাংলাদেশ-এর সিইও সাজনান মোহাম্মদ বলেন, গত এক দশক ধরে বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টসকে আন্তর্জাতিক রূপ দিতে আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে। ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে’-এর তৃতীয় আসর সেই লক্ষ্য পূরণেরই অংশ।

তিনি আরও বলেন, শুধু একটি রেস আয়োজন করছি না, বরং স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছি। এবারের ‘রোড টু গ্লোরি’ থিমটি দৌড়বিদদের অদম্য স্পৃহা এবং গৌরবের যাত্রাকেই প্রতিনিধিত্ব করছে।

এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে তুরাগ অ্যাকটিভ। এছাড়াও সহযোগী হিসেবে রয়েছে মিডিয়া পার্টনার যমুনা টিভি, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো, টাইমিং পার্টনার আর্বান টাইমিং সলিউশনস, ইলেক্ট্রোলাইট ড্রিংকস পার্টনার ব্লু, কফি পার্টনার আমা, আইসক্রিম পার্টনার ইগলু, এক্সক্লুসিভ পার্টনার পুষ্টি, প্রোটিন পার্টনার জার্মান বুচার, হসপিটালিটি পার্টনার বেসক্যাম্প, ফিজিও পার্টনার স্ট্রাইড ফিজিও, স্ট্র্যাটেজিক পার্টনার রোপফোর ও মিরপুর ফেন্সিং ক্লাব, চ্যারিটি পার্টনার মজার ইশকুল, উইমেন্স এমপাওয়ারমেন্ট পার্টনার ভ্রমণকন্যা এবং সাইক্লিস্ট পার্টনার পিপিআর।

/এমএসটি

Logo