×
Logo

খেলাধুলা

আত্মঘাতী গোল এবং শেষ মুহুর্তের পেনাল্টিতে অস্ট্রিয়াকে আটকাতে ব্যর্থ জর্ডান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:০৯ পিএম

আত্মঘাতী গোল এবং শেষ মুহুর্তের পেনাল্টিতে অস্ট্রিয়াকে আটকাতে ব্যর্থ জর্ডান

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে আস্ট্রিয়াকে আটকাতে ব্যর্থ হয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জর্ডান। প্রথমার্ধে পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরলেও, আত্মঘাতী গোল এবং শেষ মুহূর্তের পেনাল্টিতে অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে তারা। 

বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারার, সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় জর্ডান ও অস্ট্রিয়া।  

ম্যাচের ২০তম মিনিটে দারুণ এক বাঁকানো শটে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে জর্ডান। ৫০তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান আলি অলওয়ান।

দ্বিতীয়ার্ধে, অস্ট্রিয়ার বদলি হিসেবে নামা মার্কো আর্নাউটোভিচ একটি গোল করলেও, হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। তবে, ৭৬তম মিনিটে কর্নার থেকে আসা বলে আত্মঘাতী গোল করেন জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরাব; তাতে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া।

যোগ করা সময়ে, পেনাল্টি থেকে গোল করে জয়ের ব্যবধান আরও বাড়ান আর্নাউটোভিচ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া।

এদিকে, স্কোরলাইন বলছে ৩-১ গোলে জিতেছে অস্ট্রিয়া। তবে ম্যাচের পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডান গড়ে তুলেছিল, ফলাফলের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা।

পুরো ম্যাচে বলের দখলে আধিপত্য ছিল অস্ট্রিয়ার। তারা বলের নিয়ন্ত্রণ রেখেছিল ৬৩ শতাংশ এবং তুলনামূলকভাবে পরিষ্কার সুযোগও তৈরি করেছিল বেশি। কিন্তু আক্রমণের পরিসংখ্যানে জর্ডান কোনো অংশেই পিছিয়ে ছিল না।

দুই দলই সমান ১১টি করে শট নেয় এবং লক্ষ্যে রাখে ৪টি করে শট। বরং জর্ডান বক্সের ভেতর থেকে ৭টি শট নেয়, যেখানে অস্ট্রিয়ার ছিল ৬টি।

ড্রিবলিংয়েও এগিয়ে ছিল মধ্যপ্রাচ্যের দেশটি। জর্ডানের খেলোয়াড়রা সফলভাবে ১৫টি ড্রিবল সম্পন্ন করেন, যেখানে অস্ট্রিয়ার ছিল মাত্র ৩টি ড্রিবল। এছাড়া ব্যক্তিগত দ্বৈরথেও '৪৮-৪৩' ব্যবধানে এগিয়ে ছিল জর্ডান।

ম্যাচের যোগ করা সময়ে মার্কো আর্নাউটোভিচের পেনাল্টি গোলটি বাদ দিলে লড়াইটা ছিল প্রায় সমানে সমান। ভাগ্য আর কয়েকটি মুহূর্তের ব্যবধানই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে। সামান্য অনুকূল পরিস্থিতি পেলে জর্ডানের পক্ষে ম্যাচটি ড্র করাও সম্ভব ছিল।

তাই ৩-১ গোলের পরাজয় সত্ত্বেও বিশ্বকাপ অভিষেকে নিজেদের সামর্থ্যের শক্ত বার্তাই দিয়েছে জর্ডান।

/এনএ 

Logo