×
Logo

খেলাধুলা

মেসি-জিরুকে টপকে এমবাপ্পের রেকর্ড, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:১৪ এএম

মেসি-জিরুকে টপকে এমবাপ্পের রেকর্ড, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
ফিফা বিশ্বকাপের 'আই' গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের হয়ে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এতে অলিভিয়ে জিরুকে টপকে ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন এ স্ট্রাইকার। পাশাপাশি বিশ্বকাপে টপকে গেছেন মেসিকেও। ১৩ গোল করা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চেয়ে বিশ্বকাপের মঞ্চে একটি বেশি গোল এখন তার।

নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে হয়নি কোনো গোল। এমনকি বিরতির আগ পর্যন্ত ফরাসিদের চেয়ে আক্রমণের দিক দিয়ে এগিয়ে ছিল সেনাগালই। ম্যাচের ২৫তম মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।

তবে বিরতির পরই ঘুরে দাঁড়ায় ফ্রান্স। দুর্দান্ত পাস ও আক্রমণে সেনাগালকে চাপে রাখে তারা। ম্যাচের ৬৬তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।

এমবাপ্পের গোলের পরপরই অবশ্য বল জালে জড়িয়েছিল সেনেগাল। তবে গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। ব্যবধান দ্বিগুণ করতে সময় নেয়নি দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের ৭৯ মিনিটে উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন ব্র্যাডলি বারকোলা। ঠিক তিন মিনিটের মধ্যেই দলকে আরও এগিয়ে নিয়ে যান তিনি।

পরবর্তীতে যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে ফরাসিদের আরও বড় লিড এনে দেন এমবাপ্পে। এর এক মিনিট আগে সেনাগালের পক্ষে ইব্রাহিমের করা গোল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে মাত্র।

আগামী সোমবার (২২ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মোকাবিলা করবে ফরাসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায়। 
 
/এমএইচআর

Logo