টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়া ভক্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:১০ এএম
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচের আগে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়— আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরা একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার জার্সি পরিহিত সমর্থকদের ধস্তাধস্তি ও হাতাহাতি হচ্ছে।
মূলত, ‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়, যা পরে দ্রুতই ভাইরাল ছড়িয়ে পড়ে একাধিক মাধ্যমে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে টাইমস স্কয়ারে একটি পতাকা মিছিলের আয়োজন করেছিলেন আর্জেন্টিনার ভক্তরা। ওই কর্মসূচি চলাকালীন আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এই অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
উল্লেখ্য, বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। আপাতত সবার নজর এখন মাঠের লড়াইয়ে। এই ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করবে আলবিসেলেস্তেরা। অপরদিকে, আলজেরিয়ানরাও চাইবে প্রথম ম্যাচেই চমক দেখিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে।
/এমএইচআর