প্রতিশোধ নিতে মুখিয়ে ফ্রান্স, ২০০২'র পুনরাবৃত্তি ঘটাতে চাইবে সেনেগাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৪৬ পিএম
ফিফা বিশ্বকাপে 'আই' গ্রুপের ম্যাচে আজ ফ্রান্সের মোকাবিলা করবে সেনেগাল। মঙ্গলবার (১৬ জুন) নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২৪ বছর আগে। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিল আফ্রিকার দলটি।
দুই যুগ পর এবারের বিশ্বকাপে আবারও ইতিহাসের সেই একই সমীকরণ। এবারও কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ফ্রান্স। ২০০২ সালের মতোই এবারের দলেও বিশ্বনন্দিত প্রতিভাদের ছড়াছড়ি— কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিজের মতো তারকারা প্রতিপক্ষ রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে প্রস্তুত।
অপরদিকে, সেনেগালও ছেড়ে কথা বলবে না। অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে মামাদু সার, আবদুলায়েক সেকরা ফরাসি আক্রমণভাগকে প্রতিহত করার পরীক্ষায় উত্তীর্ণ হতে পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি গোলপোস্টের নিচে এদুয়ার্দ মেন্দির মতো অভিজ্ঞ গোলরক্ষক দলের অন্যতম বড় ভরসা। আক্রমণভাগে মূল চালিকাশক্তি হিসেবে আছেন সৌদি ক্লাব আল নাসরের ৩৪ বছর বয়সী অভিজ্ঞ মহাতারকা সাদিও মানের সঙ্গে ধার বাড়াতে প্রস্তুত আসানে দিয়াও ও বাম্বা দিয়েংদের মতো নির্ভরযোগ্য তরুণরাও।
এখন দেখার পালা, ফ্রান্স কি পারবে ২০০২ সালের সেই দুঃস্বপ্নের প্রতিশোধ নিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করতে, নাকি সেনেগাল আবারও ২৪ বছর আগের সেই সোনালী ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে নতুন কোনো মহাকাব্য লিখবে! এর সাক্ষী হতে ইতোমধ্যেই প্রস্তুত মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচা।
/এমএইচআর