লুসাইলের ভুলের পরে আবারও বিশ্বকাপ জয়ের মঞ্চে দেম্বেলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
ফাইল ছবি
চার বছর আগে কাতার বিশ্বকাপের সেই রুদ্ধশ্বাস ফাইনালে যখন ফ্রান্সকে হারিয়ে লিওনেল মেসি ফুটবল ইতিহাসের 'সেরা' বা 'গোট' বিতর্কের অবসান ঘটাচ্ছিলেন, তখন লুসাইলের মাঠে ফরাসি শিবিরের একজনের পায়ে দেখা গিয়েছিল অন্য এক ভবিষ্যৎ।
ফাইনালে ১৯৬৬ সালের পর প্রথম হ্যাটট্রিক করে মেসিকে টপকে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন ২৩ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। ফাইনালের মঞ্চে ৪ গোল করে পেলে-জিদানদের ছাড়িয়ে যাওয়া এমবাপ্পেকে তখন মনে করা হচ্ছিল মেসির সিংহাসনের একমাত্র যোগ্য উত্তরসূরি। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! চার বছর পেরিয়ে গেলেও এমবাপ্পের ঝুলিতে আজও ওঠেনি কোনো ব্যালন ডি'অর কিংবা চ্যাম্পিয়নস লিগের ট্রফি।
অপরদিকে, ২০২৬ বিশ্বকাপের এই ক্ষণে দাঁড়িয়ে ফুটবল বিশ্ব দেখছে এক অবিশ্বাস্য পটপরিবর্তন। যে ওসমানে দেম্বেলে ২০২২ সালের ফাইনালে এতটাই বাজে খেলেছিলেন যে ফরাসি গণমাধ্যম ল'ইকুইপ তাকে কোনো রেটিং দেওয়ার যোগ্যই মনে করেনি, সেই দেম্বেলেই এখন ফ্রান্সকে আরও একটি বিশ্বকাপ এনে দিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ‘গোল্ডেন বল’ বা ব্যালন ডি'অর জয়ের সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে।
কিন্তু কাতার বিশ্বকাপের সেই ফাইনাল দেম্বেলের ক্যারিয়ারকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। ম্যাচের মাত্র ৪১ মিনিটে কোচ দিদিয়ের দেশম যখন তাকে মাঠ থেকে তুলে নেন, ততক্ষণে দেম্বেলের নামের পাশে জুড়ে গেছে 'পেশাদার ফুটবলের ইতিহাসে দেখা সবচেয়ে বাজে পারফরম্যান্সের' তকমা। নিজের চেয়ে ৯ বছরের বড় আনহেল দি মারিয়ার গতির কাছে খেই হারিয়ে বক্সের ভেতর পেনাল্টি উপহার দিয়ে বসেন দেম্বেলে, যা থেকে মেসি প্রথম গোলটি করেন।
সাবেক ইংলিশ তারকা গ্যারি নেভিল মন্তব্য করেছিলেন, দি মারিয়া দেম্বেলেকে 'ছোট বাচ্চার মতো নাচিয়েছেন'। বার্সেলোনার হয়ে ২০১৯ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে মেসির বানিয়ে দেওয়া নিশ্চিত গোল মিস করে যিনি বার্সার ইতিহাসের অন্যতম বড় 'ফ্লপ' হিসেবে বিদায় নিয়েছিলেন, সেই দেম্বেলেকে ভাবা হচ্ছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় অপচয়।
বার্সেলোনার সেই অন্ধকার অতীত পেছনে ফেলে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেওয়ার পর কোচ লুইস এনরিকের পরশে বদলে যান দেম্বেলে। তিনিই এখন পিএসজির কিংবদন্তি এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা পারফর্মার। চলতি গ্রীষ্মের শেষে দেম্বেলের ক্যাবিনেটে দুটি চ্যাম্পিয়নস লিগ আর দুটি ব্যালন ডি'অর থাকার মতো অবিশ্বাস্য সমীকরণ এখন তৈরি হয়েছে।
গতিতে এমবাপ্পের সমকক্ষ হলেও বড় ম্যাচে হারিয়ে ফেলা দেম্বেলে এখন নিজেকে পরিণত করেছেন অনন্য এক ম্যাচ উইনারে। চার বছর আগে লুসাইলের মাঠে যে ফরাসি তারকা খলনায়ক বনে গিয়েছিলেন, ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বজয়ের মুকুট এনে দিয়ে সেই দেম্বেলেই এখন ফুটবল বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অরের ট্র্যাকে এমবাপ্পেকে পেছনে ফেলে রাজা হওয়ার অপেক্ষায়।
/এএ