২০২৬ বিশ্বকাপে আজ ফুটবলপ্রেমীদের চোখ এখন মায়ামি গার্ডেনসের মায়ামি স্টেডিয়ামে। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়ান পরাশক্তি সৌদি আরব এবং দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এই ম্যাচটি ঘিরে ফুটবল ভক্তদের মনে দুটি বড় রোমাঞ্চ কাজ করছে একদিকে যেমন উরুগুয়ের তারকাখচিত স্কোয়াড, অন্যদিকে সৌদির সেই ইতিহাস গড়ার চেনা রূপকথা। ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই আসরের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সৌদি আরব।
মঙ্গলবার (১৬ জুন) আবারও নতুন এক মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে আরও এক পরাশক্তি উরুগুয়ের মুখোমুখি তারা।
তবে মাঠের ফুটবলের পাশাপাশি দুই দলের জন্যই সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে মায়ামির চরম বৈরী আবহাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভেন্যুতে তীব্র গরম এবং অতিরিক্ত আর্দ্রতাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বিশ্বকাপের ভেন্যুগুলোর মধ্যে আটলান্টা, হিউস্টন বা ডালাসের স্টেডিয়ামগুলোতে প্রচণ্ড গরম থাকলেও সেখানে ছাদ বন্ধ করে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখার সুবিধা রয়েছে।
কিন্তু মায়ামির এই ওপেন-রুফ স্টেডিয়ামে সেই সুযোগ নেই। খেলোয়াড়দের স্বাস্থ্যের তীব্র ঝুঁকির কথা বিবেচনা করে ফিফা এই ভেন্যুর কোনো ম্যাচই স্থানীয় সময় বিকেল ৫টার আগে শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচ শুরুর মুহূর্তেও মায়ামির তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা দুই দলের ফুটবলারদের স্ট্যামিনা ও শারীরিক সক্ষমতার চরম পরীক্ষা নেবে।
শুধু তাই নয়, ২০২২ সাল থেকে এই স্টেডিয়ামের চারপাশ ঘিরে তৈরি করা অস্থায়ী ট্র্যাকে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সও অনুষ্ঠিত হয়ে আসছে।
/এএ