×
Logo

খেলাধুলা

প্রথমার্ধে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:০৩ পিএম

প্রথমার্ধে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ সমর্থক—সবার মনেই হয়তো প্রশ্ন ছিল, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের তরুণ ও ক্ষিপ্র আক্রমণভাগের সামনে কত মিনিট টিকতে পারবে নবাগত কেপ ভার্দ? কিন্তু ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে চোখ চড়কগাছ ফুটবল বিশ্বের।

প্রথমার্ধ শেষে স্পেন ০-০ কেপ ভার্দ। ম্যাচের আগে যারা স্পেনের গোলের বন্যার কথা ভেবেছিলেন, তাদের সবাইকে ভুল প্রমাণ করে প্রথম ৪৫ মিনিটে স্প্যানিশ আর্মাডাকে চমৎকারভাবে রুখে দিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি।

আর এই অবিশ্বাস্য লড়াইয়ের পুরো কৃতিত্বই দিতে হবে ইতিহাস গড়া কেপ ভার্দের রক্ষণভাগ এবং তাদের ৪০ বছর বয়সী বুড়ো হাড়ের ভেল্কি দেখানো গোলরক্ষক ভোজিনহাকে। গড় বয়সে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে প্রবীণ একাদশ নিয়ে মাঠে নামা কেপ ভার্দ আজ ডিফেন্সে রীতিমতো এক দুর্ভেদ্য প্রাচীর বা দুর্গ গড়ে তুলেছে।

দানি ওলমো, পেদ্রিদের একের পর এক আক্রমণ কেপ ভার্দের ইস্পাতকঠিন ডিফেন্সে এসে বারবার খেই হারিয়েছে। আর দুই-একটি বল ডিফেন্সের দেয়াল ভাঙতে পারলেও পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন অভিজ্ঞ ভোজিনহা।

প্রথমার্ধের এই অতিমানবীয় পারফরম্যান্স দ্বিতীয়ার্ধে কেপ ভার্দ ধরে রাখতে পারে কি না, নাকি ডাগআউট থেকে লামিন ইয়ামাল এসে স্পেনের উদ্ধারকর্তা হন তা দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবল বিশ্ব।

/এএ 

Logo