×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক অভিষেক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৪৭ পিএম

বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক অভিষেক

বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এর উদ্বোধনী ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নেমেই ফুটবল ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে নিল প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দ।

সোমবার (১৫ জুন) স্পেনের শক্তিশালী তরুণদের রুখতে কেপ ভার্দ যে শুরুর একাদশটি মাঠে নামিয়েছে, তার গড় বয়স ৩১ বছর ২৬ দিন! যা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে যেকোনো দলের করা সবচেয়ে বয়স্ক একাদশের নতুন বিশ্বরেকর্ড। অভিজ্ঞতার ওপর ভর করে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা এই দলটির নেতৃত্ব দিচ্ছেন তাদের ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ভোজিনহা। 

ভোজিনহার আজ মাঠে নামার সাথে সাথেই ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছে। ঠিক একদিন আগেই জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ৪০ বছর বয়সী আরেক কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। আর আজ ভোজিনহা মাঠে নামায় ফুটবল ইতিহাসের প্রথমবারের মতো কোনো একটি একক বিশ্বকাপে ৪০ বছর বা তার বেশি বয়সী দুজন খেলোয়াড় ম্যাচ খেলার কীর্তি গড়লেন। আফ্রিকার এই ছোট দেশটি যে দীর্ঘ লড়াই ও অভিজ্ঞতার ওপর ভর করে আজ বিশ্বমঞ্চের টিকিট কেটেছে, তাদের এই রেকর্ড-গড়া একাদশ তারই এক উজ্জ্বল প্রমাণ।

অন্যদিকে, কেপ ভার্দের এই বুড়ো হাড়ের ভেল্কি দেখার দিনে স্পেনের শিবিরে রয়েছে কিছুটা মন খারাপের খবর। স্প্যানিশদের শুরুর একাদশে আজ জায়গা হয়নি ফুটবল বিশ্বের অন্যতম বড় বিস্ময় বালক ও তরুণ তুর্কি লামিন ইয়ামালের। গত এপ্রিলে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এই ১৮ বছর বয়সী উইঙ্গার। 

চোট কাটিয়ে সম্প্রতি তিনি অনুশীলনে ফিরলেও নবাগত কেপ ভার্দের বিপক্ষে আজ শুরু থেকেই তাকে খেলানোর কোনো ঝুঁকি নেননি স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে স্প্যানিশ ডাগআউটে বদলি খেলোয়াড় হিসেবে প্রস্তুত আছেন ইয়ামাল, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে যেকোনো সময় তাকে মাঠে গতির ঝড় তুলতে দেখা যেতে পারে। একপাশে ৪০ বছরের ভোজিনহা আর অন্যপাশে ১৮ বছরের ইয়ামালের ডাগআউট তারুণ্য বনাম অভিজ্ঞতার এক দারুণ রোমাঞ্চ আজ আটলান্টা স্টেডিয়ামে।

/এএ

Logo