তিউনিশিয়াকে ৫–১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৩৭ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেন। সোমবার (১৫ জুন) মেক্সিকোর মন্টেরেই শহরে অনুষ্ঠিত ম্যাচে তিউনিশিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে গ্রাহাম পটারের দল। এর ফলে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে তাদের অপরাজিত থাকার ধারা দাঁড়ালো টানা পাঁচ ম্যাচে।
বিশ্বকাপ কোয়ালিফিকেশনের মূল পর্বে কোনো ম্যাচ না জিতলেও প্লে-অফ খেলে এবারের আসরে জায়গা করে নেওয়া সুইডেন, এই ম্যাচেই প্রমাণ রাখলো নিজেদের শক্তির। দেখিয়ে দিলো কেন তাদের বিশ্বকাপে থাকা উচিৎ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সুইডিশরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা এবং প্রথম ৩০ মিনিটেই নেয় দুই গোলের লিড।
ম্যাচের ৭ মিনিটে তিউনিশিয়ার গোলরক্ষক মোহিব চামাখ ভিক্টর লিন্ডেলফের লং বল ঠিকভাবে সামলাতে না পারলে সুযোগ কাজে লাগান ইয়াসিন আয়ারি। ২৫ গজ দূর থেকে শট নিয়ে খালি জালে বল পাঠান তিনি। এরপর দ্বিতীয় গোল আসে ৩০ মিনিটে। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে। ভিক্টর গিওকেরেসের পাস থেকে আলেকজান্ডার ইসাক ঠান্ডা মাথায় বল জালে পাঠান।
তবে বিরতির ঠিক আগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় তিউনিশিয়া। হামবিক মেজব্রির ক্রস থেকে ওমর রেকিক হেডে গোল করে ব্যবধান কমান। ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি তিউনিশিয়া। ৬০ মিনিটে অধিনায়ক এলিয়েস স্কিরির ভুলের সুযোগ নিয়ে গিওকেরেসকে দিয়ে তৃতীয় গোল করায় সুইডেন।
ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নেমেই ইতিহাস গড়েন ম্যাটিয়াস সভানবার্গ। মাঠে নামার মাত্র ১২ সেকেন্ডের মধ্যে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুত বদলি গোলের রেকর্ড করেন তিনি। এরপর শেষ মুহূর্তে আবারও গোল করেন আয়ারি, ব্যবধান দাঁড়ায় ৫–১।
এই জয়ে গ্রুপে শক্ত অবস্থান তৈরি করলো গ্রাহাম পটারের দল। পরের ম্যাচে তাদের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে নেদারল্যান্ডসের বিপক্ষে।
অন্যদিকে, তিউনিসিয়ার জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয়হীন থাকার ধারা অব্যাহত থাকল, আর পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান।
/এনএ