×
Logo

খেলাধুলা

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলো আইভরিকোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৪১ এএম

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলো আইভরিকোস্ট

শেষ মুহূর্তে গোল করে আইভরি কোস্টকে বিশ্বকাপের শুভসূচনা এনে দিয়েছেন বদলি হিসেবে মাঠে নামা আমাদ দিয়ালো। তার ৯০তম মিনিটের গোলে গ্রুপ ‘ই’-এর ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দু'দল। 

ম্যাচের শুরুর একাদশে জায়গা না পাওয়ায় আমাদ দিয়ালোকে বেঞ্চে বসেই শুরু করতে হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে বাজুমানা তুরের বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান প্রান্ত দিয়ে উইলফ্রিড সিঙ্গোর দুর্দান্ত দৌড়ের পর বাড়ানো বল থেকে নিখুঁত শটে ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনদেসকে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার।

এই হারে ইকুয়েডরের ১৯ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেছে। ম্যাচের শুরুতে অবশ্য তারাই ছিল বেশি প্রভাবশালী। প্রথম আধাঘণ্টায় জন ইয়েবোয়া ও অ্যালান মিন্দার দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। বল দখল ও আক্রমণ— দুই ক্ষেত্রেই তারা আইভরি কোস্টকে চাপে রেখেছিল।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে ল্যাটিন আমেরিকার দলটি। ২০২৩ সালের আফকন চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করে। তরুণ ইয়ান দিয়োমান্দে বেশ কয়েকবার আক্রমণ সাজালেও শেষ মুহূর্তে সফল হতে পারেননি।

দ্বিতীয়ার্ধে এলিয়ে ওয়াহির একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর আমাদ দিয়ালো ও আঞ্জে-ইওয়ান বনিকে মাঠে নামানোর পর আক্রমণে নতুন গতি পায় আইভরি কোস্ট। শেষ পর্যন্ত সেই পরিবর্তনের ফল মেলে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে।

আমাদ দিয়ালোর গোলের পর পুরো আইভরি কোস্ট শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ১২ বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল দলটি, আর সেই জয় এনে দিয়ে ম্যাচের নায়ক বনে যান দিয়ালো।

/এনএ 


Logo