×
Logo

খেলাধুলা

ব্রাজিলের জার্সি গায়ে স্টেডিয়ামে হাজির আর্জেন্টাইন সাপোর্টার সাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৪১ এএম

ব্রাজিলের জার্সি গায়ে স্টেডিয়ামে হাজির আর্জেন্টাইন সাপোর্টার সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে তার ভক্তরা ফুটবলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবেই জানে। যুক্তরাষ্ট্রে যখন বিশ্বকাপের দামামা বাজলো, তখন সেই আবহ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি সাকিব। ব্রাজিলের একটি ম্যাচ দেখতে তাকে দেখা গেছে স্টেডিয়ামে হাজির হতে। স্টেডিয়ামে উপস্থিত হওয়াটা অস্বাভাবিক না হলেও, আলোচনার জন্ম দিয়েছে তার পোশাক। ম্যাচ দেখতে গিয়ে তাকে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায়!

রোববার (১৪ জুন) বিষয়টি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন রবিন মিয়া। নেইমারের পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যক্তি তার ফেসবুক পোস্টে সাকিবের এই উপস্থিতির ছবি শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’

ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হয়ে সাকিব জানান, খেলা তিনি উপভোগ করেছেন। তবে সমর্থনের জায়গা নিয়ে তার মন্তব্য ছিল বেশ কৌতূহল জাগানিয়া। সাকিব বলেন, 'ব্রাজিলের জার্সি পরলেও মনে মনে আমি মরক্কোর সাপোর্টার ছিলাম।'

একদিন আগে রবিন সামাজিক মাধ্যমে জানান, 'নেইমার ও তার বাবা তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন, পাশাপাশি ব্রাজিলের প্রথম পর্বের তিনটি ম্যাচের টিকিটও পেয়েছেন।' 

উল্লেখ্য, পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব এবার আলোচনায় উঠে এলেন— আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থন বিতর্কের নতুন অধ্যায়ে। ২০২৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শেষবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন সাকিব।

/এমএইচআর

Logo