×
Logo

খেলাধুলা

নয়্যারকে নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২৫ পিএম

নয়্যারকে নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির

অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যার। চলতি আসরে দলের প্রথম ম্যাচের একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওয়ের মোকাবিলা করবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্মানির জার্সিতে এটি হবে নয়্যারের ১২৫তম ম্যাচ। চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি নয়্যার। তার জায়গায় খেলার জন্য প্রস্তুত ছিলেন অলিভার বাউম্যান। তবে নয়্যার ফেরায় স্বস্তি ফিরেছে দলে।

আগের দুই বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো ও জাপানের কাছে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা রয়েছে জার্মানদের। এবার সেই হারের 'জুজু' কাটিয়ে বড় জয় নিয়েই আসর শুরু করতে চাইবে কিমিখের দল।

ম্যাচে অধিনায়ক জশুয়া কিমিখ খেলবেন রাইট-ব্যাক পজিশনে। রক্ষণে তার সঙ্গে থাকবেন জোনাথন তাহ, নিকো শ্লটারবেক ও নাথানিয়েল ব্রাউন। মিডফিল্ড সামলানোর দায়িত্বে থাকবেন আলেকসান্ডার পাভলোভিচ ও ফেলিক্স নমেচা। ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা এবং লেরয় সানে খেলবেন মূল স্ট্রাইকার কাই হাভার্টজের ঠিক পেছনে।

জার্মান একাদশ: নয়্যার, কিমিখ, তাহ, শ্লটারবেক, ব্রাউন, নমেচা, পাভলোভিচ, সানে, মুসিয়ালা, উইর্টজ এবং হাভার্টজ।

/এমএইচআর

Logo