২০২৩ সালে ব্রাজিলকে হারানোর পর মরক্কোর উদযাপন
২০২২ সালের কাতার বিশ্বকাপের অন্যতম চমক ছিল মরক্কো। আফ্রিকার প্রথম এবং আরব বিশ্বের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল তারা। স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে বিদায় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিল আটলাস লায়ন্সরা।
আজ রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
২০২৬ বিশ্বকাপেও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশা রয়েছে মরক্কোকে ঘিরে। স্পেন ও ফ্রান্সের একাডেমি এবং লিগে বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়া দলটি হয়ে উঠতে পারে সেলেসাওদের জন্য এক কঠিন পরীক্ষা।
তবে, বিশ্বকাপ শুরুর আগে কিছু অস্থিরতার মধ্য দিয়েও যেতে হয়েছে মরক্কোকে। ২০২৬ সালের শুরুতে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে সেনেগালের কাছে হেরেছিল তারা। পরে বিতর্কিত পরিস্থিতিতে শিরোপা মরক্কোর হাতে তুলে দেওয়া হয়, কারণ রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছেড়ে যাওয়ায় শাস্তির মুখে পড়ে সেনেগাল।
বিশ্বকাপের মাত্র তিন মাস আগে দায়িত্ব ছাড়েন দীর্ঘদিনের কোচ ওয়ালিদ রেগ্রাগুই। তার স্থলাভিষিক্ত হন বেলজিয়ামে জন্ম নেওয়া মোহাম্মদ ওয়াহবি, যিনি যুব দলকে গত বছর চিলিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতানোর পর সিনিয়র দলের দায়িত্ব পান।
নতুন কোচের অধীনে মরক্কো কতটা দ্রুত নিজেদের গুছিয়ে নিতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন। তবে শক্তিশালী স্কোয়াড, সাম্প্রতিক সাফল্যের আত্মবিশ্বাস এবং বড় দলকে চাপে ফেলার সামর্থ্য থাকায় ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
আজকের ম্যাচটি হবে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর চতুর্থ ম্যাচ। এর আগের তিন ম্যাচে ব্রাজিলের জয় দুটি, আর মরক্কোর একটি। দু'দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৩ সালের এক প্রীতি ম্যাচে, যেখানে ২-১ গোলে জয়লাভ করে অ্যাটলাস লায়ন্সরা।
অন্যদিকে, বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো মুখোমুখি হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে, যেখানে রোনাল্ডো, রিভালদো এবং বেবেতোর গোলে ব্রাজিল ৩-০ ব্যবধানে জয়লাভ করে।
আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজের মতো সম্ভাবনাময় ও আক্রমণাত্মক খেলোয়াড় থাকায় মরক্কো বিশ্বের সেরা দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ফলে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে অস্বস্তিতে ফেলতে পারে মরক্কো, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
/এনএ