২০২৬ ফিফা বিশ্বকাপে আজ রাতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে কাতার ও সুইজারল্যান্ড। ২০২২ সালে ঘরের মাঠের বিশ্বকাপের হতাশাজনক স্মৃতি পেছনে ফেলে এবার নতুন অধ্যায় রচনার লক্ষ্য এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের। তবে প্রথম ম্যাচেই শক্তিশালী সুইজারল্যান্ডের মুখোমুখি হতে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিকে।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য ‘বি’ গ্রুপের ম্যাচে জয় দিয়ে শুরু করতে মুখিয়ে আছে দুই দলই। এর আগে গ্রুপের অন্য ম্যাচে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা ১-১ গোলে ড্র করায় শীর্ষস্থানে ওঠার সুযোগ রয়েছে কাতার ও সুইজারল্যান্ডের সামনে।
এর আগে, চার বছর আগে নিজেদের আয়োজিত বিশ্বকাপে তিনটি ম্যাচই হেরে বিদায় নিয়েছিল কাতার। টুর্নামেন্টজুড়ে মাত্র একটি গোল করেছিল তারা, যা ছিল বিশ্বকাপ ইতিহাসে কোনো স্বাগতিক দলের অন্যতম হতাশাজনক পারফরম্যান্স।
তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে দলটি। ২০২৩ এশিয়ান কাপ জিতে শিরোপা ধরে রাখে কাতার। এছাড়া ২০২৫ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদ কোচ জুলেন লপেতেগি দলের চেহারা বদলে দেন।
লপেতেগি বলেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়াই ছিল আমাদের স্বপ্ন। আমরা সেটা অর্জন করেছি। কিন্তু এখন থামতে চাই না। আমরা যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই।
এদিকে, টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে সুইজারল্যান্ড। এছাড়া ইউরোপে এই কৃতিত্ব আছে শুধু— ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল এবং জার্মানির।
তবে বিশ্বকাপে তাদের সাফল্য সীমিত। গত ছয় আসরের পাঁচটিতেই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে সুইসদের। এর আগে, সুইজারল্যান্ড সর্বশেষ কোয়ার্টার ফাইনালে উঠেছিল ১৯৫৪ সালে।
সুইস অধিনায়ক গ্রেনিট শাকা বলেন, আমরা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। আগামীকালের ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই। এটা আমাদের সেরা বিশ্বকাপ হতে পারে।
উল্লেখ্য, এই দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই হয়েছিল ২০১৮ সালে। সেই প্রীতি ম্যাচে আকরাম আফিফের ৮৮তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল কাতার।
এছাড়া, সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে কাতারের ঝুলিতে রয়েছে তিন হার ও দুই ড্র এবং সুইসদের রয়েছে, এক জয়, এক হার এবং তিনটি ড্র।
এই ম্যাচে কাতারের সম্ভাব্য একাদশে থাকছেন, মাহমুদ আবুনাদা, আয়ুব আল-ওয়াই, বুয়ালেম খৌখি, পেদ্রো মিগুয়েল, হোমাম আহমেদ; ইসা লাইয়ে, আহমেদ ফাথি, জাসিম গাবের, ইউসুফ আবদুরিসাগ, আকরাম আফিফ এবং এডমিলসন জুনিয়র।
সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশে থাকছেন, গ্রেগর কোবেল, সিলভান উইডমার, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রেনিট শাকা, রেমো ফ্রয়েলার, রুবেন ভার্গাস, ফ্যাবিয়ান রিডার, ড্যান এনদোয়ে এবং জেকি আমদুনি।
কাগজে-কলমে সুইজারল্যান্ড এগিয়ে থাকলেও এশিয়ান চ্যাম্পিয়ন কাতার চমক দেখানোর আশায় মাঠে নামবে। ২০২২ সালের হতাশা ভুলে বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জনের লক্ষ্যই এখন তাদের প্রধান লক্ষ্য।
/এনএ