×
Logo

খেলাধুলা

বসনিয়াকে আটকে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:১৩ এএম

বসনিয়াকে আটকে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে 'অপরাজিত' স্বাদ পেয়েছে কানাডা। শুক্রবার (১২ জুন) টরেন্টো স্টেডিয়ামে বসনিয়াকে আতিথ্য দেয় তারা। ১-১ এ নিষ্পত্তি হয় ম্যাচটি। স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোল করেন কাইল লারিন। এর আগে, জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বসনিয়া।

ইতোপূর্বে দুইটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ৬টি ম্যাচ খেললেও প্রতিবারই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। এই প্রথম ম্যাচ না হেরে মাঠ ছাড়তে সক্ষম হলো কানাডা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টও তুলে নিল দলটি।

ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল বসনিয়া। বেশ কয়েকবার গোলের জন্য শটও নেয় তারা। তবে ফলাফল আসে ম্যাচের ২১তম মিনিটে।

কর্ণার থেকে সিয়াদ কোলাশিনাতসের কাছ থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে কানাডার জালে পাঠিয়ে দেন লুকিচ। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় কানাডা। ৫২তম মিনিটে কানডার এক ফুটবলারের জোরালো শট আটকে দেন বসনিয়ার ডিফেন্ডার।

এক পর্যায়ে আরও চাপ বাড়ায় কানাডা। একের পর এক আক্রমণে বসনিয়ার রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা চালায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯তম মিনিটে সেই প্রচেষ্টার ফল মেলে। কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

ম্যাচের শেষ ১০ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা দেখা যায়। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।

আগামী শুক্রবার (১৯ জুন) কাতারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কানাডা। একইদিন বসনিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

/এমএইচআর

Logo