বিশ্বকাপের কানাডা পর্ব শুরু, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন তারকারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৪৩ এএম
মেক্সিকোর পর এবার অফিশিয়ালি ফুটবল জোয়ারে ভাসল 'গ্রেট হোয়াইট নর্থ' খ্যাত কানাডা। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১১টায় টরন্টো স্টেডিয়ামে জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন। অনুষ্ঠানে তুলে ধরা হয় কানাডার আদিবাসী সংস্কৃতি থেকে শুরু করে আধুনিক বহুত্ববাদের গল্প।
মূলত, ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম ছেলেদের ফুটবল বিশ্বকাপের ম্যাচ আয়োজন কানাডায়। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে এখন বইছে উৎসবের সুনামি। টরন্টো স্টেডিয়ামের গ্যালারি ছাপিয়ে সেই ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দৃষ্টিনন্দন ও গতিশীল এই উদ্বোধনী শো-তে ফুটিয়ে তোলা হয় কানাডার আদিবাসী সংস্কৃতি থেকে শুরু করে আধুনিক বহুত্ববাদের গল্প।
চোখধাঁধানো এই উদ্বোধনী মঞ্চের সুরের আকাশে শুরুতেই আলো ছড়ান কানাডার জনপ্রিয় পপ তারকা আলিসিয়া কারা। তার জাদুকরী কণ্ঠ আর দুর্দান্ত পারফরম্যান্সে সুরের জোয়ারে ভেসে যায় স্টেডিয়ামে উপস্থিত হাজারো ফুটবলপ্রেমী।
কানাডিয়ান ঐতিহ্যের সাথে গ্লোবাল ফিউশনের মেলবন্ধনে এরপরই মঞ্চে আগুন ধরান বলিউডের ড্যান্সিং সেনসেশন নোরা ফাতেহি। তার চিরচেনা গ্ল্যামার আর নাচের ছন্দে পুরো গ্যালারিতে তৈরি হয় অভূতপূর্ব এক উন্মাদনা।
সুর আর ছন্দের এই মহোৎসবে বৈচিত্র্যের রঙ ছড়াতে একে একে মঞ্চে আসেন সমাদৃত গায়িকা জেসিকা রেইজ এবং ফিলিস্তিনি-চিলিয়ান বৈশ্বিক তারকা এলিয়ানা। তবে দক্ষিণ এশীয় দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মিউজিশিয়ান ডিজে সঞ্জয়ের বিট ও ফিউশন মিউজিক।
সবশেষে এই বর্ণিল আয়োজনের রাজকীয় সমাপ্তি টানেন কানাডার ঐতিহ্যবাহী ফোক ও সমসাময়িক সঙ্গীতের অন্যতম সেরা কণ্ঠ উইলিয়াম প্রিন্স। তার সুরের মূর্ছনায় আক্ষরিক অর্থেই পূর্ণতা পায় ট্রিপল হোস্ট কানাডার এই ঐতিহাসিক ফুটবল মহোৎসবের উদ্বোধনী মঞ্চ।
/এমএইচআর