চোটের কারণে পুরোপুরি ফিট না থাকায় বসনিয়ার বিপক্ষে কানাডার একাদশে রাখা হয়নি বায়ার্ন মিউনিখ তারকা আলফনসো ডেভিসকে।
স্বাগতিকদের আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন জুভেন্টাস ফরোয়ার্ড জনাথন ডেভিড। ঘরের মাঠে দর্শকদের সামনে জয় তুলে নিতে মরিয়া স্বাগতিকরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে চাপ তৈরি করতে চাইবে।
অন্যদিকে, বসনিয়াও দ্রুত পাল্টা আক্রমণে ম্যাচে প্রভাব ফেলতে প্রস্তুত। তাদের শুরুর একাদশেও দেখা যায়নি শালকে ০৪'র অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোকে। বিরতির পর দ্বিতীয়ার্ধে তাকে দেখা যেতে পারে মাঠে।
কানাডা একাদশ: ম্যাক্সিম ক্রেপিউ, অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জনাথন ডেভিড, তানি ওলুওয়াসে, তাজন বুকানন।
বসনিয়া-হার্জেগোভিনা একাদশ: নিকোলা ভাসিলজ, তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ, জোভো লুকিক।
উল্লেখ্য, ইতোপূর্বে বিশ্বকাপের দুইটি আসরে (১৯৮৬ ও ২০২২) অংশ নিয়ে ছয়টি ম্যাচ খেললেও কখনও জয়ের দেখা পায়নি কানাডা। স্বাগতিক হিসেবে এবার সেই খরা কাটাতে চাইবে দলটি। অপরদিকে, মাত্র একবার (২০১৪) বিশ্বকাপের মূলপর্বে খেলেছে বসনিয়া। সেবার ইরানকে হারিয়েছিল তারা।
/এমএইচআর