×
Logo

খেলাধুলা

বিশ্বকাপ ম্যাচে খালি আসন, টিকিটের দাম নিয়ে বাড়ছে উদ্বেগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:৫০ পিএম

বিশ্বকাপ ম্যাচে খালি আসন, টিকিটের দাম নিয়ে বাড়ছে উদ্বেগ

মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেকা স্টেডিয়ামে ঐতিহ্য, নাচ আর শাকিরার সুরের মূর্ছনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ফুটবল বিশ্বকাপের। এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়। চার বছর পরপর আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। কোটি কোটি দর্শকের চোখ থাকে টিভির পর্দায়, আর স্টেডিয়ামে গিয়ে প্রিয় দলের খেলা দেখার প্রস্তুতিও শুরু হয় আগেভাগেই।

তবে এবারের বিশ্বকাপে টিকিটের দাম নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দেখতে ১ হাজার ডলার বা তার বেশি খরচ করতে তিনি রাজি নন। তার এমন মন্তব্য থেকেই বোঝা যায়, টিকিটের মূল্য বেশ চড়া পর্যায়ে পৌঁছেছে।

এরইমধ্যে গতকাল গুয়ার্দালাহারায় দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচে ৪৪ হাজার ৯৮৫ জন দর্শক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ফিফা। তবে স্টেডিয়ামে অনেক খালি আসন দেখা যাওয়ায় টিকিটের দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে অ্যাজটেকা স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতি থাকলেও, গুয়ার্দালাহারার ৪৬ হাজার আসনের স্টেডিয়ামে খালি সারি দেখা যাওয়ায় ফিফার বাণিজ্যিক কৌশল নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে। স্টেডিয়ামে উপস্থিত কিছু দর্শক খালি আসনের জন্য উচ্চ টিকিটমূল্যকেই দায়ী করছেন এবং ফিফার মূল্য নির্ধারণ নীতির কড়া সমালোচনা করছেন।

সমর্থকদের এসব সমালোচনার পর বুধবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টিকিটের মূল্য নির্ধারণের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, টিকিটের দাম অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের তুলনায় একই পর্যায়ে রয়েছে। তবে অনেক সমর্থকের মতে, ম্যাচ দেখতে যাওয়া এখন আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

এদিকে, ফিফা জানিয়েছে, টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে ৬ মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে এবং আমেরিকা মহাদেশজুড়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইনফান্তিনোর দাবি অনুযায়ী, চাহিদা প্রত্যাশার চেয়েও ‘১০ গুণ বা তারও বেশি’ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই মূল্যবৃদ্ধিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করে। তাদের অভিযোগ, কাতার বিশ্বকাপে ফাইনালের সর্বোচ্চ টিকিটমূল্য যেখানে ছিল ১ হাজার ৬০০ ডলার, এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ডলারে।

/এসআইএন

Logo