মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর ম্যাচে মুখোমুখি হবে দু'দল। তার আগে একই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপতারকা শাকিরা।
এবারের আসরের প্রথম ম্যাচটি ঠিক যেন ২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এবার বিশ্বকাপ মেক্সিকোর ঘরের মাঠে। আর উদ্বোধনী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেই দ. আফ্রিকা।
১৬ বছর আগের সেই লড়াই ড্র হয়েছিলো ১-১ গোলে। এবার জয়ের পাল্লাটা ভারী মেক্সিকোর দিকে। তারা খেলবে নিজেদের মাঠ ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। দলে আছেন রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া গোলরক্ষক ওচোয়ার মতো পরীক্ষিত মুখ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটির রক্ষণভাগ বেশ শক্তিশালী। সবশেষ ৮ ম্যাচের ৬টিতেই ক্লিনশিট রেখেছে মেক্সিকোর ডিফেন্স।বিপরীতে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ ৯ ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিশিয়াল থিম সং 'দাই দাই' পরিবেশন করবেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা।
পরদিন বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
সবশেষে শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা।
/এমএইচআর