ভিসা নিয়ে বিতর্কের সত্ত্বেও আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের পাশে ইনফান্তিনো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:১৫ পিএম
ফাইল ছবি
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বেশ কিছু দেশের খেলোয়াড় ও অফিশিয়ালদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ভিসা জটিলতা নিয়ে তৈরি হওয়া তুমুল বিতর্কের মুখে স্বাগতিক যুক্তরাষ্ট্রের পাশেই দাঁড়ালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ফিফা কোনো রাজনৈতিক বা সরকারি সিদ্ধান্ত নির্ধারণকারী সংস্থা নয়, বরং একটি ক্রীড়া সংগঠন মাত্র। তাই তাদের নির্বাহী কর্মকর্তারা ‘বিশ্বের রাজা’ নন যে চাইলেই কোনো দেশের সরকারের আইন বা সিদ্ধান্তকে পাশ কাটিয়ে হস্তক্ষেপ করবেন।
বুধবার (১০ জুন) মেক্সিকো সিটিতে বিশ্বকাপ শুরুর আগের দিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান ইনফান্তিনোকে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি ও প্রবেশাধিকার নিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন।
ইনফান্তিনো বলেন, আমরা সবসময়ই যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করি। তবে আমাদের এটিও মাথায় রেখে সম্মান করতে হবে যে, আমরা বিশ্বের রাজা নই যে কোনো দেশের সরকার, পুলিশ প্রশাসন বা আইন-শৃঙ্খলার ওপর গিয়ে হুকুম চালাবো। আমরা একটি ক্রীড়া সংস্থা; আমাদের সাধ্যের মধ্যে থাকা উপায়গুলো নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করি।
সম্প্রতি সোমালিয়ার রেফারি ওমর আরতান বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে বাধা পান এবং মার্কিন প্রশাসন তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ফিফা বাধ্য হয়ে ওমর আরতানকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারীদের তালিকা (রস্টার) থেকে বাদ দেয়। মার্কিন প্রশাসন সোমালি রেফারিকে ফিরিয়ে দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেননি ইনফান্তিনো।
ফিফা প্রধানের এই সংবাদ সম্মেলনের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে যাতে বিশ্বকাপের জন্য কেবল ‘সঠিক মানুষেরাই’ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে।
ভিসা জটিলতা নিয়ে কোনো ধরনের বাড়তি সংঘাত বা উত্তেজনা তৈরি না করার পক্ষে মত দিয়ে ইনফান্তিনো বলেন, এ ধরনের পরিস্থিতিতে কখনো কখনো ‘ধৈর্য ধরা ও শান্ত থাকা’ প্রয়োজন। তিনি যোগ করেন, যেকোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু করলে অনেক সময় সমাধান আসার পরিবর্তে বিপরীত ও নেতিবাচক ফল বয়ে আনে।
/এএ