স্কোরবোর্ডে রান যোগ করার আগেই আউট তিন ব্যাটার। তা-ও অস্ট্রেলিয়ার। শুনতে কিছুটা কটকা লাগলেও মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে তাই করিয়ে দেখিয়েছে টাইগাররা।
এর আগে, এই ম্যাচেও টস হারেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার দলকে ফিল্ডিংয়ে পাঠায় অজিরা। কিন্তু টস হারার দুঃখ বেশিক্ষণ থাকেনি।
প্রথম ওভারের চতুর্থ বলেই ম্যাথু শর্টকে বোল্ড আউট করেন তাসকিন। আগের ম্যাচেও ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়েছিলেন এই ব্যাটার, শিকারি ছিলেন তাসকিনই।
সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারে দুইটি উইকেট তুলে নিলেন মোস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন কুপার কনোলি। তা তালুবন্দি করতে ভুল করেননি লিটন দাস। এই ওভারের শেষ বলে ম্যাট রেন শও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আম্পায়ার শুরুতে আউট দেননি। কিন্তু বাংলাদেশ রিভিউ নিতেই ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন রেন শ। আর তাতে শূন্য রানে ৩ উইকেট অজিদের!
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে কোনো রান যোগ হওয়ার আগেই চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। যার মধ্যে একবার বাংলাদেশও স্কোরবোর্ডে রান যোগ করার আগেই হারায় তিন ব্যাটারকে। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টাইগারদের এই লজ্জায় ফেলেছিলেন পেসার চামিন্দা ভাস। ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজে এগিয়ে থেকে শুরু করছে বাংলাদেশ। গত মঙ্গলবার সফরকারীদের বড় ব্যবধানে হারায় মেহেদী হাসান মিরাজের দল। এই ম্যাচ জিতলেই তাই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিক দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতার মিশনে ওপেনার সাইফ হাসানকে বাদ দিয়ে সৌম্য সরকারকে একাদশে ফেরানো হয়েছে।
অন্যদিকে, সিরিজে ফেরার লড়াইয়ে একাদশে একটাই বদল এনেছে অস্ট্রেলিয়া। গত ম্যাচে অভিষেক হওয়া লিয়াম স্কটকে বসিয়ে তারা একাদশে রেখেছে পেসার রাইলি মেরেডিথকে।