বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হাড়িয়েছে ইংল্যান্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৩ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তীব্র ঝড়-বৃষ্টির কারণে ১ ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হাড়িয়েছে দিয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্বকাপের আগে নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে থমাস টুখেলের শিষ্যরা মাঠজুড়ে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে এই বড় জয় তুলে নেয়।
অরল্যান্ডোর ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কোস্টারিকাকে চেপে ধরে ইংলিশরা। ম্যাচের ৮ম মিনিটেই ডেকলান রাইসের দুর্দান্ত এক টাইট-অ্যাঙ্গেল ফিনিশিংয়ে লিড পায় থ্রি-লায়ন্সরা। প্রথমার্ধে ননি মাদুয়েকে ফাঁকা বারে বল পোস্টে মারাসহ বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করলে ব্যবধান বাড়াতে পারেনি ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে টুখেলের দল। অবশেষে ম্যাচের ৬৭ মিনিটে জুড বেলিংহাম ও এবেরেচি এজের তৈরি করা আক্রমণ থেকে ডি-বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। ৬৮ মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে বল জালে জড়ান উইঙ্গার অ্যান্টনি গর্ডন।
ম্যাচের শেষদিকে হ্যারি কেনের পরিবর্তে মাঠে নেমে দলের বড় জয় নিশ্চিত করেন স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স। ৮৬ মিনিটে মর্গান রজার্সের শট কোস্টারিকার বদলি গোলরক্ষক আব্রাহাম মাদ্রিজ পাঞ্চ করে ফিরিয়ে দিলে ফিরতি বলে দারুণ হেডে ৩-০ করেন ওয়াটকিন্স। এই দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।
/এএ