বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়াকে হারিয়েছে পর্তুগাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:১০ এএম
টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে ২০২৬ ফিফা বিশ্বকাপের নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সারলো ইউরোপের অন্যতম পরাশক্তি পর্তুগাল। গত রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা আফ্রিকান জায়ান্ট নাইজেরিয়াকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এই ম্যাচে শুরু থেকেই নাইজেরিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পর্তুগিজরা। প্রথমার্ধেই গোলের বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফরোয়ার্ডদের আক্রমণাত্মক ফুটবলের সুবাদে লিড নিতে খুব বেশি সময় লাগেনি স্বাগতিকদের। ম্যাচের ২৩ মিনিটে পেদ্রো নেতোর দারুণ এক ফিনিশিংয়ে উল্লাসে মাতে পর্তুগাল।
অবশ্য পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নাইজেরিয়াও। ম্যাচের ৩৭ মিনিটে পর্তুগিজ রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দুর্দান্ত এক গোলে নাইজেরিয়াকে সমতায় ফেরান ফরোয়ার্ড আরোক অ্যাডামস। ফলে ১-১ গোলের সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে সিআর সেভেনের দল। বেশ কিছু আক্রমণ নাইজেরিয়ার রক্ষণভাগে প্রতিহত হলেও ম্যাচের ৭৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই জয়সূচক গোল। তরুণ উইঙ্গার ফ্রান্সিস্কো কোনসেইসাও চমৎকার এক গোল করে পর্তুগালের ২-১ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে দারুণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখছে পর্তুগিজরা।
আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউসটনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
/এএ