সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সকাল ১১টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৪০ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।
প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। অন্যদিকে, সিরিজে টিকে থাকার চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে সফরকারী অজিরা।
তবে বাঁচা-মরার এই ম্যাচের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া দল। মিরপুরের বৈরী আবহাওয়ার কারণে গতকাল বুধবার তারা মাঠে এসে কোনো অনুশীলনই করতে পারেনি। বৃষ্টির বাধায় অজিদের প্রস্তুতি ভেস্তে গেলেও ঘরের মাঠে মানসিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, ওপেনার সাইফ হাসানের অফ-ফর্মের কারণে তার জায়গায় একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকার। এছাড়া অস্ট্রেলিয়া দলের ব্যাটিং লাইনআপে তিনজন বাঁহাতি ব্যাটার থাকায় কৌশলগত কারণে কপাল পুড়তে পারে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। তার পরিবর্তে একাদশে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে খেলানোর ব্যাপারে গুরুত্ব সহকারে ভাবছে থিংক ট্যাংক।
/এএ