'জুলে রিমে'র মালিক ব্রাজিলকে জীবদ্দশায় ট্রফি জিততে দেখেননি জুলে রিমে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
মেহেদী হাসান রোমান⚫
একটি ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থাকার পরেও যদি কোনো দল ৩-২ ব্যবধানে জিতে যায়, তাহলে একে দুর্দান্ত 'কামব্যাক' হিসেবে তকমা দেওয়াই যায়। তবে এই গল্প কোনো 'একটি ম্যাচের' না, 'শিরোপার শিরোপা নির্ধারণী' ম্যাচের।
আজকের ফিফা বিশ্বকাপ ট্রফিটি ১৯৭৪ সালের আসর থেকে মূল প্রতিযোগিতার জন্য নির্ধারিত। এর আগে বিশ্বকাপ ফুটবলে যে ট্রফি ব্যবহার হতো, তার নাম ছিল 'জুলে রিমে' কাপ। ফিফার তৃতীয় প্রেসিডেন্টের নামে নামকরণ করা হয়েছিল ট্রফিটির। ১৯২১ থেকে ১৯৫৪ পর্যন্ত দীর্ঘ ৩৩ বছর এই পদে ছিলেন জুলে রিমে। তিনিই এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন।
'জুলে রিমে' ট্রফিটি ছিল স্টের্লিং রূপার ওপর সোনার প্রলেপ দেয়া গ্রিক দেবতা নাইকের প্রতিকৃতি। ট্রফিটির ভিত্তি তৈরিতে ব্যবহৃত হয়েছিল লাপিস লাজুলি।
নিয়ম হিসেবে বলা ছিল— যে দল সর্বপ্রথম তিনবার বিশ্বকাপ জিতবে তারা 'জুলে রিমে' ট্রফিটির মালিক বনে যাবেন। সেই প্রতিযোগিতায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিল ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই দেশ ইতালি ও উরুগুয়ে।
মূলত, ১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের প্রথম চার আসরে দুইবার করে চ্যাম্পিয়ন হয় ইতালি (১৯৩৪, ১৯৩৮) ও উরুগুয়ে (১৯৩০, ১৯৫০)। 'জুলে রিমে' নিজেদের করে নেওয়ার লড়াইয়ে তাদের প্রত্যেকের প্রয়োজন ছিল মাত্র ১টি আসরে চ্যাম্পিয়ন হওয়া। তবে তারা কেউই সেটি পারেনি।
এমনকি খোদ ফিফার সাবেক প্রেসিডেন্ট জুলে রিমে, যার নামে এই ট্রফিটি; তিনি তার জীবদ্দশায় এই ট্রফিটির মালিক বনে যাওয়া ব্রাজিলকে বিশ্বকাপ জিততেই দেখেননি। ১৯৫৬ সালে যখন তিনি মারা যান, তখন এই ট্রফিটি জেতার গৌরব অর্জন করেছিল উরুগুয়ে ও ইতালির বাইরে মাত্র ১টি দেশ। ১৯৫৪ সালে পশ্চিম জার্মানি প্রথমবার চ্যাম্পিয়ন হয়।
জুলে রিমে মারা যাওয়ার দুই বছর পর প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল। অবশ্য ১৯৫০ সালের মেগা ফাইনালে 'মারাকানা ট্র্যাজেডি' ব্রাজিলের ট্রফি জেতার 'জেদ' সৃষ্টির নেপথ্যের কারণ কি না, এটি অবশ্য ভিন্ন আলাপ।
১৯৫৮ সালের পরের আসরেও চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। মাঝখানে ১৯৬৬ সালে শিরোপা জেতে ইংলিশরা। ১৯৭০ সালের আসরে ব্রাজিল অন্যতম ফেভারিট হিসেবেই খেলতে নামে। এই আসর শুরু হওয়ার সময় উরুগুয়ে, ব্রাজিল ও ইতালি— তিন দলেরই ট্রফির সংখ্যা ছিল ২টি করে। তবে ১৯৭০ সালের মেগা ফাইনালে ইতালিকে হারিয়েই 'জুলে রিমে' ট্রফি নিজেদের করে নেয় সেলেসাওরা।
তাই ১৯৭০ সালের বিশ্বকাপ ফাইনাল বাকি ফাইনাল ম্যাচগুলোর মতো ছিল না। ব্রাজিল-ইতালির সেই ম্যাচটি ছিল 'জুলে রিমে' ট্রফির স্থায়ী মালিক খুঁজে পাওয়ার ম্যাচ। অর্থাৎ, 'শিরোপার শিরোপা নির্ধারনী' মেগা ফাইনাল ছিল এটি।
/এমএইচআর