×
Logo

খেলাধুলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

মেক্সিকো-দ. আফ্রিকা উদ্বোধনী ম্যাচে সকার সিটির স্মৃতি ফেরাচ্ছে আসতেকা স্টেডিয়াম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

মেক্সিকো-দ. আফ্রিকা উদ্বোধনী ম্যাচে সকার সিটির স্মৃতি ফেরাচ্ছে আসতেকা স্টেডিয়াম

মাঝখানে কেটে গেছে ১৬ বছর। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ভুভুজেলার সেই শব্দ আজকের জেন-জি প্রজন্মের কাছে এখনও টাটকা। এই জেনারেশনের অনেকেরই প্রথম বিশ্বকাপ দেখার স্মৃতি হিসেবে আসবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত সেই আসরটি। শাবালালার আইকনিক সেই গোল তাদের মনে আছে হয়ত।

২৩তম ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আসতেকা স্টেডিয়াম। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। 

আরও একবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি তারা। পার্থক্য হলো গতবারের (২০১০) স্বাগতিকরা এবার অতিথি।

আরেকটা ব্যাপার হলো, ২০১০ সালের পর বিগত ৩ আসরের মূল পর্বে খেলার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা। তারা নিজেদের সবশেষ আসরের প্রথম ম্যাচ যাদের বিপক্ষে খেলেছিল, ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে সেই আসরের প্রথম ম্যাচও খেলবে সেই প্রতিপক্ষের বিপক্ষে। তাই সকার সিটির সেই আবহ আসতেকা স্টেডিয়ামে যে একটু হলেও থাকবে, সেটি বলা যায়। দক্ষিণ আফ্রিকারত জন্য তো বটেই।

৮৩ হাজার ধারণ ক্ষমতার আসতেকা স্টেডিয়ামটির অবস্থান দুই দিকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর থেকে সমদূরবর্তী। এই মাঠে বিশ্বকাপের সবশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৪০ বছর আগে, ১৯৮৬ সালের মেগা ফাইনাল। ম্যারাডোনার বিশ্বজয়ের সেই মাহেন্দ্রক্ষণও এবারের উদ্বোধনী ম্যাচে স্বরণ করবে অনেকেই।

/এমএইচআর

Logo