বিশ্বকাপ ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:০২ পিএম
ফাইল ছবি
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই ইরান ফুটবল দলকে ঘিরে তৈরি হওয়া ভিসা ও যাতায়াত জটিলতার অবসান ঘটেছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান দল।
ম্যাচের দিনই দলটিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ম্যাচ শেষে দ্রুত বের হয়ে যেতে হবে বলে যে গুঞ্জন ছড়িয়েছিল, বুধবার (১০ জুন) তা সত্য নয় বলে স্পষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে, মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের বেস ক্যাম্প করা ইরান দল প্রতিটি ম্যাচের ঠিক আগের দিন ভেন্যুর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পাবে। মূলত খেলোয়াড়দের কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনার কথা মাথায় রেখেই এই বিশেষ যাতায়াত ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলছে ইরান। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এই গ্রুপের বাকি দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।
/এএ